খুলনা আ.লীগের প্রচার সম্পাদক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলার চার নম্বর দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলীম গাজী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার দিঘলিয়ার সুগন্ধি গ্রামে এ ঘটনা ঘটে। সেই সঙ্গে তাঁর মোটরসাইকেলচালক নূরু গাজীও গুলিবিদ্ধ হন। এ ছাড়া ইউপি সদস্য আকবর সরদার আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে খুলনা সিটি করপোরেশনের মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, খুলনা-৪ (রূপসা-তেরখাদা ও দিঘলিয়া) আসনের সাংসদ মোল্লা জালাল, জেলা প্রশাসক মো. জমসের আহম্মদ খন্দকারসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী হাসপাতালে তাঁকে দেখতে যান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলীম গাজী উপজেলার খানপাড়া থেকে মোটরসাইকেলে করে সুগন্ধির কালভার্টের ওপর পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৯-১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। গুলি তাঁর মাথায়, ঘাড়ে ও ডান চোয়ালে বিদ্ধ হয়। এ সময় মোটরসাইকেলচালক নূরুর ডান হাতে গুলি লাগে। অন্য একটি মোটরসাইকেলে থাকা ইউপি সদস্য আকবরও আহত হন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মো. আলীম গাজীকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে চিকিৎসা দিতে থাকেন। তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তাঁর অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় না নিয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আহত ইউপি সদস্য আকবর সরদার বলেন, তাঁরা খানপাড়া থেকে ফেরার পথে সুগন্ধির কালভার্টের সামনে এলে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে চেয়ারম্যান আলীম গাজী ও নূরু গুলিবিদ্ধ হন। এ ছাড়া তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে আহত হন। তবে তিনি কাউকে চিনতে পারেননি।খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন-উর-রশীদ বলেন, কারা এ হামলা করেছে এটা তাঁরা নিশ্চিত নন।খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলি, একটি গুলির খোসা ও একটি রাইফেলের বাঁট উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।