খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হালিম গাজীর গতকাল বৃহস্পতিবার দাফন সম্পন্ন হয়েছে। এ হত্যা মামলায় পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার বিকেল তিনটায় স্টার জুট মিলে তাঁর স্মরণে সভা অনুষ্ঠিত হবে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান বলেন, গত ৩১ অক্টোবর হালিম গাজীর স্ত্রী ফারহানা গাজী একটি হত্যা মামলা করেন। মামলার পর গ্রেপ্তার করা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে খুলনার বিচারিক হাকিম জেল গেটে পাঁচ দিনের জন্য জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আলী নেওয়াজ প্রথম আলোকে বলেন, আরও দুইজনকে গত বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন দিঘলিয়ার হাজী গ্রামের শরিফুল ও আমজাদ শেখ। তাঁদের গতকাল সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। এ ছাড়া মাসুদ সরদার ও মানিক নামের আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।