খুলনা আওয়ামী লীগে গৃহদাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে প্রভাব বিস্তার এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা নিয়ে খুলনা জেলা আওয়ামী লীগের কোন্দল এখন চরমে। প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজার নেতৃত্বাধীন দুটি পক্ষ।দলীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৫ জানুয়ারি খুলনা জেলা আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিলে হারুনুর রশীদ সভাপতি এবং সুজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর দুই নেতা মোটামুটি একসঙ্গেই কাজ করেন। কিন্তু ২০০৭ সালের ১১ জানুয়ারির পরে ভারতে চলে যান সুজা। তাঁর অবর্তমানে দলে নিজের অবস্থান দৃঢ় করে প্রভাব বিস্তার শুরু করেন হারুনুর রশীদ। জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে ফেরেন সুজা। এরপর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া এবং গত বছরের জুলাই মাসে দলের জাতীয় কাউন্সিল ঘিরে বিরোধে জড়িয়ে পড়েন হারুনুর রশীদ ও সুজা। সূত্র আরও জানায়, সুজা সমর্থিত জেলা ছাত্রলীগের সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন পক্ষটি গত ৬ জুন স্থানীয় একটি ক্লাবে ছাত্রলীগের বর্ধিত সভা করে। হারুনুর রশীদ সমর্থিত জেলা ছাত্রলীগের একাংশ ওই সভা বর্জন করে নগরে পাল্টা কর্মসূচি পালন করে। সর্বশেষ গত শুক্রবার দিঘলিয়া উপজেলায় একই সময় একই স্থানে হারুনুর রশীদ ও সুজার অনুসারীরা পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। সুজা ওই দিন দিঘলিয়ায় গেলে হারুনুর রশীদ সমর্থিত পক্ষ তাঁকে কালো পতাকা দেখায়।এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব-উল-আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘খুলনা জেলা আওয়ামী লীগে কিছু সমস্যা দেখা দেওয়ায় ২৬ জুন বর্ধিত সভার আগ পর্যন্ত জেলা আওয়ামী লীগের স্থানীয় সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। সেই সঙ্গে সুজাকে কালো পতাকা প্রদর্শনকারীদের কারণ দর্শাও নোটিশের নির্দেশ দেওয়া হয়েছে। তবে দলের জাতীয় কার্যক্রম এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম করতে বাধা নেই। কিন্তু জেলা সভাপতি আমার এই নির্দেশ সঠিকভাবে উপস্থাপন করেননি।’এ ব্যাপারে মোস্তফা রশিদী সুজা প্রথম আলোকে জানান, জেলা সভাপতি শেখ হারুনুর রশীদ কেন্দ্রের নির্দেশকে বিকৃত ও অতিরঞ্জিত করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছেন। এতে নেতা-কর্মীরা বিভ্রান্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তির ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদিকে খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা জালাল উদ্দিন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কেন্দ্রীয় নেতা মাহবুল-উল-আলমের নির্দেশে তাঁরা জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত করেন। কেন্দ্রের এই সিদ্ধান্ত সঠিক হওয়ায় মাহবুব-উল-আলমকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কয়েকজন নেতা শুধু কেন্দ্রের এই যুগান্তকারী সিদ্ধান্তই লঙ্ঘন করেননি, বরং তাঁরা একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে দলকে বিভক্ত করে সাংঘর্ষিক অবস্থাকে উসকে দেওয়ার উদ্দেশ্যে সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন।