খুলনা উন্নয়ন কমিটির কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আধুনিক রেলস্টেশন, পাইপলাইনে গ্যাস সরবরাহ, মাওয়ায় পদ্মা সেতু, খুলনা বিমানবন্দর দ্রুত বাস্তবায়ন, বন্ধ কলকারখানা চালুসহ বিভিন্ন দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে অবস্থান ধর্মঘট এবং ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রেলপথ অবরোধ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান। লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অনেক প্রত্যাশা ছিল এ অঞ্চলের উন্নয়ন ঘটবে, যা ছিল সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে খুলনায় আধুনিক রেলস্টেশন, পাইপলাইনে গ্যাস সরবরাহ, বিমানবন্দর স্থাপন, মাওয়ায় পদ্মা সেতু, মংলা বন্দরের আধুনিকায়ন আজও বাস্তবায়ন হয়নি। সরকারের সাড়ে তিন বছরেরও অধিক সময় পার হয়ে গেলেও খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি বাস্তবায়ন না হওয়ায় মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠেছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সভাপতি এস এম দাউদ আলী, সহসভাপতি ফিরোজ আহমেদ, শেখ মোশরাফ হোসেন, মোস্তফা কামাল, লোকমান হোসেন, কোষাধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ, উন্নয়ন কমিটির নেতা কুদরত-ই-খুদা, নিজামুর রহমান প্রমুখ।