খুলনা ও ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে তদন্ত কমিটি গঠন
কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও খুলনা বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রির ঘটনায় সদ্য বিদায়ী উপাচার্যের ইন্ধন থাকার কথা বলা হয়েছে। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তিন সদস্যের দুটি কমিটিরই প্রধান করা হয়েছে ইউজিসির সদস্য মোহাম্মদ মোহাব্বত খানকে।জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, তদন্তের পর সার্বিক অবস্থা বোঝা যাবে।গোয়েন্দা প্রতিবেদনে খুলনা বিশ্ববিদ্যালয়ের জমি বিক্রির তথ্য: খুলনা বিশ্ববিদ্যালয়ের জমি বেদখল হয়ে যাওয়ার বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায় একটি গোয়েন্দা সংস্থা। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ইউজিসিকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অপরাজিতা হল-সংলগ্ন সাড়ে তিন বিঘা জমি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের কানুনগো মুনসুর আলী আমমোক্তারনামা মূলে মালিকানা দাবি করে বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার (এস্টেট) আলী আকবরের সহযোগিতায় প্লট আকারে বিক্রি করেন। এই প্লটের মধ্যে উপাচার্য মো. সাইফুদ্দিন শাহর আত্মীয় গোলাম ফারুকের নামে পাঁচ কাঠা (আট শতাংশের কিছু বেশি) ও ডেপুটি রেজিস্ট্রার আলী আকবরের স্ত্রী চম্পার (মমতাজ জামান) নামে চার কাঠা (প্রায় সাত শতাংশ) জমি ক্রয় করা হয়।