খুলনা ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত
রূপসা-খুলনা বাইপাস সড়কের বটিয়াঘাটা উপজেলার সাটিবুনিয়া মোড় এলাকায় গতকাল শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। একই দিন কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার দশ মাইলে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।পুলিশ জানায়, পিরোজপুর থেকে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালগামী একটি বাস বাগেরহাট থেকে খুলনাগামী অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে সাটিয়াবুনিয়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশের গাছে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে জালাল উদ্দিন মোল্লা (৬০) নামের এক যাত্রী নিহত হন। আহত যাত্রীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান এমিলি বেগম (৬০) ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমিলির স্বামী চান মিয়া (৬৫)।বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রথম আলোকে জানান, জালাল উদ্দিন মোল্লা একজন বাসচালক। তবে তিনি বাস চালাচ্ছিলেন না। যাত্রী হিসেবে সোনাডাঙ্গা বাস টার্মিনালে অন্য একটি বাস চালানোর উদ্দেশ্যে বাগেরহাটের বটপুরের বাড়ি থেকে আসছিলেন। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ বটিয়াঘাটা থানায় একটি মামলা করেছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া নওদাপাড়া থেকে আকাশ আলী, শাওন আলী ও জুয়েল আহমেদ একটি মোটরসাইকেলে করে ভেড়ামারার বারো মাইলে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দশ মাইল নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে দুটি বাস দ্রুতগতিতে একে অপরকে অতিক্রম করে ভেড়মারার দিকে যাচ্ছিল। বাস দুটি দশ মাইলে পৌঁছালে একপর্যায়ে মোটরসাইকেলকে একটি বাস চাপা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন।স্থানীয় লোকজন মোটরসাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে আকাশ (২৩) ও শাওন (২০) মারা যান। আকাশ মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের আরজ আলীর ছেলে। শাওন কুষ্টিয়ার সদর উপজেলার কবুরহাট এলাকার আলী হায়দারের ছেলে।কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। দুটি বাসের প্রতিযোগিতার জন্য মোটরসাইকেলটি চাপা পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।