খুলনা ও খাগড়াছড়িতে ১০১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
খুলনায় ২৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ৫৯ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। খুলনা সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-তে গতকাল মঙ্গলবার সকালে এই অভিযোগ গঠন করা হয়। আদালতে ১০ জন আসামি দোষ স্বীকার করেন।এ দিকে খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় করা মামলায় গতকাল ৪২ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। খাগড়াছড়ি সেক্টর সদরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে গতকাল এই অভিযোগ গঠন করা হয়। আদালতে পাঁচজন আসামি নিজেদের দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছেন।বিশেষ আদালত-১২-এর বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। গতকাল সকাল ১০টায় বিশেষ আদালত-১২-এর কার্যক্রম শুরু হয়। প্রথমেই আদালতে অভিযুক্ত জওয়ানদের ১৫ মিনিটের একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।আদালত মামলার বাদী সুবেদার মেজর জালাল আহমেদের বক্তব্য শোনার পর একে একে ১৪ আসামির বক্তব্য শোনেন। তাঁদের মধ্যে ১০ জন সিপাহি দোষ স্বীকার করেন। তাঁরা হলেন সাইদুল ইসলাম, ফারুক হোসেন, নূর আলম, আনোয়ার হোসেন, আবদুস সাত্তার, নূর উদ্দিন, নাঈম জাহান, নজরুল ইসলাম, এরশাদ আলী ও ইমদাদুল হক। এরপর আজ বুধবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।বিশেষ আদালত-১৫-এর সভাপতি ছিলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফীজুল হক। সকাল সোয়া নয়টায় মামলার কার্যক্রম শুরু হলে কৌঁসুলি মেজর মো. জাভেদ হাসান ৪২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর পাঁচজন জওয়ান নিজেদের দোষ স্বীকার করেন। তাঁরা হলেন সুবেদার মেজর আজহার আলী, ল্যান্স নায়েক মঞ্জুর আহম্মেদ, চালক মো. শাহীন, সিপাহি শরিফুল ইসলাম ও ল্যান্স নায়েক হারুনুর রশিদ।আদালত আসামিদের আইনি সহায়তা দানকারী (ফ্রেন্ডস অব দি অ্যাকিউজড) হিসেবে মেজর মনজিনুল মুবীন ও চারজন আইনজীবীকে নিয়োগ দেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার জের ধরে খুলনার ২৩ রাইফেল ব্যাটালিয়ন ও খাগড়াছড়ি সদর সেক্টরের বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন।