খুলনা ও গাইবান্ধায় ছয়জন এসিডদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলার উলুডাঙ্গা গ্রামে গত শনিবার রাতে একই পরিবারের তিনজনকে এসিডে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার প্রতাপ গ্রামে গত সোমবার রাতে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত এসিডে একই পরিবারের তিনজন এসিডদগ্ধ হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে একদল সন্ত্রাসী উলুডাঙ্গা গ্রামের নজরুল মোড়লের (৩৫) ঘরে প্রবেশ করে তিনি এবং তাঁর স্ত্রী তাসলিমা (৩৭) ও তাঁদের মেয়ে রুপার (৯) শরীরে এসিড ঢেলে দেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রোববার তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের সার্জারি ইউনিট-১-এর সহকারী রেজিস্ট্রার ইসমাইল হোসেন জানান, তাসলিমার মুখ, হাত, বুক, পেটসহ শরীরের বিভিন্ন অংশ এবং রুপার চোখ, মুখ, হাত ও বুক এসিডে ঝলসে গেছে। তাঁদের অবস্থা অত্যন্ত খারাপ। নজরুল মোড়লেরও পেট ও হাত-পায়ের কিছু অংশ ঝলসে গেছে। তবে তাঁর অবস্থা ততটা খারাপ নয়। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় উলুডাঙ্গা গ্রামের তালেব মোল্লা, রব্বানী মোল্লা, মোস্তফা মোল্লা ও সিদ্দিক মোল্লার নামে মামলা হয়েছে। পুলিশ ও এসিডদগ্ধদের পারিবারিক সূত্র জানায়, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার প্রতাপ গ্রামে সোমবার রাতে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত এসিডে রেহেনা সুলতানা (২০), তাঁর ছোট বোন রিমা খাতুন (১৪) ও মা রাজিয়া বেগম (৪২) গুরুতর আহত হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্য শামছুল আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে।সাদুল্যাপুর থানার ওসি হাসান ইমাম বলেন, এ ঘটনায় রেহেনার ভাই রোকনুজ্জামান গতকাল মঙ্গলবার শামছুলসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া শামছুল ঈদের ছুটিতে বাড়িতে এসে এ ঘটনা ঘটিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগে জানা যায়, শামছুল আলম দীর্ঘদিন ধরে রেহেনা সুলতানাকে প্রেম নিবেদন করে আসছিলেন। একপর্যায়ে শামছুল রেহেনাকে বিয়ের প্রস্তাব দেন। এতে রেহেনা রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শামছুল। সোমবার রাতে এসিড নিক্ষেপের ঘটনার পর স্থানীয় লোকজন শামছুলকে আটক করে পুলিশে খবর দেয়। রেহেনার বাবা আবু বকর সিদ্দিক পাবনা চিনিকলে চাকরি করেন। সেখানে একটি বেসরকারি কোম্পানিতে রেহেনাও চাকরি করেন। তাঁর ছোট বোন রিমা খাতুন নবম শ্রেণীর ছাত্রী। ঈদের ছুটিতে তাঁরা বাড়িতে এসে এসিড সন্ত্রাসের শিকার হন।