খুলনা ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
খুলনার ডুমুরিয়া ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় বুধ ও বৃহস্পতিবার এক নসিমনচালক ও ইটভাটার শ্রমিক নিহত হন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:খুলনা: ডুমুরিয়া উপজেলার শরাফপুর গ্রামের হান্নান শেখ (৪০) বটিয়াঘাটা উপজেলার গাওঘরা এলাকায় মিস্ত্রি দিয়ে একটি নসিমন তৈরি করাচ্ছিলেন। নসিমন তৈরি শেষে বুধবার রাত সাড়ে আটটার দিকে চালাতে গিয়ে বটিয়াঘাটা উপজেলার গাওঘরা-কাটাখালী মসজিদ এলাকায় নসিমনটি রাস্তার খাদে উল্টে পড়ে। ওই গাড়ির নিচে চাপা পড়ে হান্নান শেখ মারা যান। তাঁর সঙ্গী গোবিন্দ দাস (৪২), গোফরান মোল্লা (২৮) ও আবদুস সাত্তার (৪০) আহত হওয়ায় তাঁদের বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।চুয়াডাঙ্গা: ইটভর্তি দ্রতগামী ট্রাক ও ট্রাক্টরের প্রতিযোগিতায় দুর্ঘটনায় পড়ে আমজাদ হোসেন (৩৫) নামের ভাটার শ্রমিক নিহত এবং খেলু হোসেন (৩০) নামের এক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিককে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটায় চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামে।