খুলনা ও ঝিনাইদহে দুই ব্যক্তি খুন
খুলনায় রাজু হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জামাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যা করা হয়েছে।খুলনার সোনাডাঙ্গা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকার রাজু হোসেনের বাড়িতে গিয়ে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সোমবার সকালে মো. বাবু (২৩) ও তাঁর সহযোগী মো. মানিককে (২১) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাজুর শ্বশুর রতন হাওলাদার বাদী হয়ে ওই দুজনসহ অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে সন্ত্রাসীরা আলমডাঙ্গা উপজেলার রায়শা গ্রামের হবিবর রহমান মোল্লার ছেলে জামাল হোসেনকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা জামালের পরিবারের সদস্যদের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গত সোমবার হরিণাকুণ্ডু উপজেলার শিংগা ও তুলা গ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত বাথানদাঁড়ির মাঠ থেকে পুলিশ জামালের লাশ উদ্ধার করে।