খুলনা ও নড়াইলে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা ও নড়াইলের কালিয়া উপজেলায় গত সোমবার দুই গৃহবধূ খুন হয়েছেন। তাঁরা হলেন পাইকগাছার কাশিমনগর গ্রামের ঝর্না বেগম (৩০) ও কালিয়ার চাপুলিয়া গ্রামের সনিয়া (১৮)।এলাকাবাসীর অভিযোগ, পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামে পারিবারিক কলহের জের ধরে সোমবার রাতে ঝর্না বেগমকে পিটিয়ে হত্যা করেন স্বামী মোক্তার মোড়ল। পরে নিহতের ছেলে মিলন তার বাবা মোক্তারকে পিটিয়ে আহত করে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন মোক্তার জানিয়েছে, দাবি করা টাকা না দেওয়ায় ছেলে মিলনই তাঁদের দুজনকে পিটিয়ে জখম করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মোক্তারই তাঁর স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁকে ধরতে হাসপাতালে গেলে তিনি পালিয়ে যান। এদিকে নড়াইলের কালিয়া উপজেলার চাপুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম সমিল বিশ্বাসের মেয়ে সনিয়ার (১৮) সঙ্গে পাশের উত্তর খাসিয়াল গ্রামের গাউস মিনার (২৫) বিয়ে হয়। সনিয়াকে যৌতুকের কুড়ি হাজার টাকার জন্য স্বামী সোমবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে বলে অভিযোগ পাওয়া যায়। নিহতের ভাই টুটুল বিশ্বাস অভিযোগ করেন, মার্চের ১৭ তারিখে বিয়ের খরচ হিসেবে গাউসকে পাঁচ হাজার টাকা দেওয়া হয় এবং পরে আরও ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ওই টাকা দিতে দেরি হওয়ায় গাউস সনিয়াকে মেরে ফেলেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিয়াজুল ইসলাম জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাউস মিনা ও তাঁর মা সাহেদা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।