খুলনা ও বগুড়ায় সমাবেশের অনুমতি পেল ১৮ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৮ দলের জনসভা উপলক্ষে মাইক লাগানোর কাজ চলছে। আজ শুক্রবার সকালে ১৮-দলীয় জোটকে সমাবেশের অনুমতি দেওয়া হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া
বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৮ দলের জনসভা উপলক্ষে মাইক লাগানোর কাজ চলছে। আজ শুক্রবার সকালে ১৮-দলীয় জোটকে সমাবেশের অনুমতি দেওয়া হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া

এবার খুলনা ও বগুড়ায় সমাবেশের অনুমতি পেল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। ১৮ দলের পক্ষ থেকে ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করার ঘোষণার এক দিন পর আজ শুক্রবার সকালে শর্তসাপেক্ষে এ দুটি স্থানে সমাবেশের অনুমতি দেয় স্থানীয় প্রশাসন।
আমাদের খুলনা অফিস জানায়, নগরের ডাকবাংলা এলাকায় সোনালী ব্যাংকের সামনের সড়কে ১৮-দলীয় জোটকে সমাবেশের অনুমতি দিয়েছে প্রশাসন। গতকাল ১৮ দলের পক্ষ থেকে ১৪৪ ধারা ভেঙে সমাবেশের ঘোষণা দেওয়ার পর আজ সকালে এই অনুমতি দেওয়া হয়। ১৮ দলের পক্ষ থেকে নগরের মহারাজ চত্বরে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল।
নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ সকালে প্রশাসনের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।’
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু শর্তসাপেক্ষে ১৮-দলীয় জোটকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বগুড়া থেকে আমাদের প্রতিনিধি জানান, বগুড়ায় ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করার ঘোষণার এক দিন পর আজ শুক্রবার সকালে প্রশাসনের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়। তবে আলতাফুন্নেছা খেলার মাঠের পরিবর্তে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠ বা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে জানান, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে প্রশাসনের বৈঠক হয়। সেখানে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা কর্মপন্থা নির্ধারণ করা হয়। সেখানে ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করার ঘোষণার বিষয়টি নিয়েও আলোচনা হয়। সমাবেশ করা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হওয়ায় বিএনপিকে শর্তসাপেক্ষে সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে বিএনপিকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা আগেই ঘোষণা করেছিলাম সমাবেশ হবেই। এখন আলতাফুন্নেছা খেলার মাঠের পরিবর্তে সেন্ট্রাল স্কুল মাঠে হলেও আমরা সমাবেশ করব।’