খুলনা ও বরিশাল বিভাগে ২৯৬২ মনোনয়নপত্র জমা
পৌরসভা নির্বাচনে খুলনা ও বরিশাল বিভাগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত বুধবার। এই দুই বিভাগের ৫২টি পৌরসভায় মনোনয়নপত্র জমা পড়েছে দুই হাজার ৯৬২টি। এর মধ্যে মেয়র পদে মনোনয়নপত্র জমা পড়েছে ৩১২টি। খুলনা উপনির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলার ৩৪টি পৌরসভার মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাচন গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সম্পন্ন হয়েছে। বাকি ৩৩টি পৌরসভার মধ্যে কুষ্টিয়া, মাগুরা ও নড়াইলের লোহাগড়া পৌরসভার নির্বাচন আদালতের স্থগিতাদেশের কারণে করা সম্ভব হচ্ছে না। বাকি ৩০টি পৌরসভার নির্বাচনে গত বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট এক হাজার ৯০৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে একজন নারীসহ মেয়র পদে ২০১, সাধারণ কাউন্সিলর পদে এক হাজার ৩১০ ও সংরক্ষিত কাউন্সিলর পদে এক হাজার ৩১০ জন মনোনয়নপত্র দাখিল করেন।বরিশাল উপনির্বাচন কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের ২৩ পৌরসভার মধ্যে পটুয়াখালীর গলাচিপা ও বাউফল পৌরসভার মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় এবং আইনগত জটিলতার কারণে ঝালকাঠি ও ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচন হচ্ছে না। বাকি ১৯ পৌরসভায় মনোনয়নপত্র জমা পড়েছে এক হাজার ৫৪টি। এর মধ্যে মেয়র পদে ১১১টি, সাধারণ কাউন্সিলর পদে ৭৩২টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২১১টি। মনোয়নপত্র বাছাই করা হবে ১৭ ও ১৮ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।