খুলনা ও মাগুরায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের আলহাজ সারোয়ার খান ডিগ্রি কলেজ এবং মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ আমিনুর রহমান কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গতকাল রোববার এলাকাবাসী দিঘলিয়া সেনহাটি বাজার ও মহম্মদপুর-মাগুরা সড়কের দুই পাশে এ মানববন্ধন করে।

সেনহাটি বাজারে মানববন্ধনে বক্তারা বলেন, দিঘলিয়া উপজেলায় সরকারি কোনো কলেজ নেই। সারোয়ার খান কলেজে এইচএসসি, ডিগ্রি ও চারটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্সে প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছেন। এইচএসসিতে কলেজটির ফলাফল প্রশংসনীয়। কলেজটি জাতীয়করণ করা হলে এলাকায় শিক্ষা বিস্তারে সহায়ক হবে। এলাকার দরিদ্র শিক্ষার্থীরা স্বল্প খরচে লেখাপড়া করতে পারবে। সেই সঙ্গে এলাকায় শিক্ষার মানও উন্নত হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ এম সিদ্দিকুজ্জামান। পরিচালনা করেন এলাকার ব্যবসায়ী আবদুল হাই সোহেল। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার প্রমুখ।

মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মহম্মদপুর-মাগুরা সড়কের দুই পাশে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমান আলী। তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন লোকজন কর্মসূচিতে যোগ দেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, এর আগে গত ১৪ জুলাই ছাত্রলীগের স্থানীয় একটি অংশের বাধার মুখে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি করতে ব্যর্থ হয় কলেজ কর্তৃপক্ষ। মানববন্ধন করতে না পেরে ওই দিন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আমিনুর রহমান কলেজটি উপজেলার প্রথম কলেজ। কলেজটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এখন কলেজের নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা দেড় হাজারের বেশি।