খুলনা ও ময়মনসিংহে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস সামনে রেখে খুলনা ও ময়মনসিংহ শহরে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার থেকে এই কার্যক্রম শুরু হয়।
খুলনায় প্রথম দিনেই গ্রাহকদের বেশ সাড়া মিলেছে। সকাল থেকে শহরের ১০টি পয়েন্টে পাঁচটি ট্রাকে করে ছোলা, তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু হয়। তবে সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যাংকে টাকা জমা দিয়ে পণ্য তুলতেই সময় পেরিয়ে যায় অনেক ডিলারের।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) খুলনা কার্যালয় সূত্র জানায়, এই শহরে টিবিসির ১১৯ জন ডিলার রয়েছেন। শুক্রবার খোলাবাজারে পণ্য বিক্রির সিদ্ধান্ত হওয়ায় আগে থেকে কেউই ব্যাংকে টাকা জমা দিতে পারেননি। এ জন্য গতকাল সবাই টাকা জমা ও চালান নিয়ে ব্যস্ত ছিলেন। বিকেলে পণ্য বুঝে পাওয়ায় আজ সোমবার থেকে নির্দিষ্ট দোকানে পণ্য বিক্রি শুরু করবেন ডিলাররা।
টিসিবির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল মোর্শেদ বলেন, প্রথমে সাতটি ট্রাকে ১৬টি পয়েন্টে পণ্য বিক্রির কথা ছিল। কিন্তু রাতে সিদ্ধান্ত পরিবর্তন করে পাঁচটি ট্রাকে বিক্রির সিদ্ধান্ত হয়। গতকাল ট্রাকগুলো ১০টি পয়েন্টে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করেছে। পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিংয়ের জন্য তিনজন পরিদর্শক মাঠে ছিলেন।
সরেজমিনে খুলনা শহরের শান্তিধাম মোড়ে দেখা যায়, টিসিবির ট্রাকের সামনে ক্রেতাদের ভালোই ভিড়। আগে টিসিবির পণ্য কিনতে নিম্নবিত্তদের ভিড় দেখা গেলেও গতকাল মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের দেখা গেছে বেশি। অনেকে ব্যক্তিগত গাড়ি থামিয়ে টিসিবির তেল ও ছোলা কিনেছেন।
শান্তিধাম মোড়ে ট্রাকটিতে ছিলেন টিসিবির ডিলার মো. শফিউল্লাহ। তিনি বলেন, প্রতি কেজি দেশি চিনি ৪৮ টাকা, অস্ট্রেলিয়ান ছোলা ৭০ টাকা, তুরস্কের মসুর ডাল ৮০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পণ্যগুলোর মান খুবই ভালো।
টিসিবির ট্রাকে পণ্য কিনতে আসা মো. হাসান বলেন, বাজারে ছোলার দাম ৯০ টাকার ওপর। কিন্তু এখানে ৭০ টাকা। ডালের দামও বেশ কম। মানও ভালো। এখানে পাঁচ লিটার তেল ৪০০ টাকায় বিক্রি হলেও বাজারে এর দাম ৪৪০ থেকে ৪৫০ টাকা।
দুপুর ১২টার দিকে জেলা পরিষদের সামনে একটি ট্রাকে করে পণ্য বিক্রি শুরু হয়। প্রতি লিটার সয়াবিন ৮০ টাকা, মসুর ডাল ৯০ টাকা, চিনি ৪৮ টাকা ও ছোলা ৭০ টাকায় বিক্রি হয়েছে। বাজারের চেয়ে টিসিবির পণ্য কিছুটা সস্তা হওয়ায় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন।
টিসিবির ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, শনিবার ডিলাররা ব্যাংকে টাকা জমা দিতে না পারায় গতকাল পুরোদমে বিক্রি শুরু করা যায়নি। আজ সোমবার থেকে পুরোদমে বিক্রি শুরু হবে।