খুলনা ও যশোরে ১২৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা ও যশোরে গতকাল মঙ্গলবার ১২৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে খুলনায় রেলওয়ের জমি থেকে ৯০টি ও যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদের তীর থেকে ৩৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
খুলনায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. হাফিজুর রহমান। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আতিকুল ইসলাম। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, এ নিয়ে খুলনা রেলওয়ে বিপণিবিতানের ১৩০টি অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হলো। এর আগে গত বছরের ৪ ও ৫ মার্চ ৪০টি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এসব অবৈধ স্থাপনার কারণে খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছিল। এ কারণে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলের জমিতে গড়ে ওঠা অন্য অবৈধ স্থাপনাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
এদিকে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহযোগিতায় গতকাল দুপুর ১২ থেকে বিকেল ৫টা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নওয়াপাড়া নদীবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার ভাটপাড়া থেকে মহাকাল শ্মশানঘাট পর্যন্ত ভৈরব নদের উভয় পাড়ের ১২ কিলোমিটারজুড়ে ৮৬টি অবৈধ স্থাপনা রয়েছে। চার ধাপে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। গতকাল প্রথম ধাপে নওয়াপাড়া মাছবাজার থেকে ফেরিঘাট পর্যন্ত ৩৪টি কাঁচা-পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের হাকিম মো. আনিসুর রহমান। তিনি বলেন, অবশিষ্ট অবৈধ স্থাপনা আরও তিন ধাপে উচ্ছেদ করা হবে।