খুলনা ও লোহাগড়ায় ভাঙনের মুখে স্কুল-সড়ক
খুলনার রূপসা উপজেলার যুগিহাটি গ্রামের দেড় কিলোমিটারজুড়ে ভৈরব নদের ভাঙন শুরু হয়েছে। গত চার দিনে ওই গ্রামের ১৫টি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। মধুমতী নদীর ভাঙন অব্যাহত থাকায় নড়াইলের লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামে একটি পাকা সড়ক ও দুটি বিদ্যালয়ের ভবন হুমকি মুখে রয়েছে।রূপসার ১ নম্বর আইচগাতী ইউনিয়নের যুগিহাটি গ্রামের জলকপাট (স্লুইসগেট) থেকে মোস্তাঈনুল ইসলামের ইটভাটা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ভৈরব নদের ভাঙনের কবলে পড়েছে। গত ৩০ বছরে এ গ্রামের পাশের শোলপুর গ্রাম বিলীন হয়ে যায়। এতে ৮০০ পরিবার বসতভিটা ও এক হাজার একর জমি হারায়। ১৫ আগস্ট থেকে গতকাল সোমবার পর্যন্ত যুগিহাটি গ্রামের ১৫টি বসতভিটা বিলীন হয়েছে।গতকাল সরেজমিনে দেখা যায়, ভাঙনকবলিত পরিবারের সদস্যরা ঘরের ইট ও মালামাল সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ নদীর মধ্যে উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছেন। অনেকে পাশের ইটভাটা থেকে ইটের ভাঙা টুকরা এনে নদীতে ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন।যুগিহাটি গ্রামের শেখ আজিজুর ইসলাম বলেন, ‘সেই ৩০ বছর থেকে আমরা ভৈরবের ভাঙন প্রতিরোধের আন্দোলন করে আসছি। কিন্তু ভাঙন রোধে কোনো সরকার এগিয়ে আসেনি। এভাবে ভাঙতে থাকলে তিন-চার বছরের মধ্যে যুগিহাটি গ্রামটাও হারিয়ে যাবে।’ আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জুলফিকার আলী বলেন, ‘আমরা ভাঙনকবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা, মন্ত্রী ও সংশ্লিষ্টদের এনেছি। কিন্তু আজও কেউ কোনো কাজ করেনি।’ খুলনা পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলী জানান, বরাদ্দ না পাওয়ায় যুগিহাটি গ্রামে ভৈরবের ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।মধুমতী নদীর ভাঙনে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের কারণে লোহাগড়া-আলফাডাঙ্গা পাকা সড়ক এবং আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন হুমকির মুখে রয়েছে। জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আকতার হোসেন বলেন, এ সড়ক দিয়ে লোহাগড়া, নড়াইল সদরসহ বিভিন্ন উপজেলার মানুষ আলফাডাঙ্গা, বোয়ালমারী ও ফরিদপুর সদরে যাতায়াত করে। এ সড়ক ভেঙে গেলে মধুমতীর পানিতে আমডাঙ্গা, ধানাইড়, চরআড়িয়ারা, চাচইসহ আশপাশের গ্রাম প্লাবিত হবে। সরেজমিনে দেখা গেছে, আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে চরআড়িয়ারা দৌলত হোসেনের গরুর খামার পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। এ এলাকার সড়ক থেকে ২০ ফুট দূরে নদী। ভাঙন অব্যাহত থাকায় বসতঘর সরিয়ে নিচ্ছে বাসিন্দারা। এ সড়কের সঙ্গেই বিদ্যালয় দুটি অবস্থিত। আমডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বলেন, ওই পাকা সড়কের পাশেই আমডাঙ্গা সরকারি প্রাথমিক ও তাঁদের বিদ্যালয়ের কয়েকটি ভবন। সড়কটি ভাঙলে এ ভবনগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বে।আমডাঙ্গা গ্রামের রওশন মোল্লা গতকাল তাঁর বসতভিটা থেকে ঘর সরিয়ে নেন। তিনি বলেন, ‘জমিজমা সবই নদীতি গেইছে। হ্যান্যে (এখন) ৬০ শতাংশের ওপর এই বসতবাড়ি চোখের সামনে নদীতি চলে যাচ্ছে।’পাউবো নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বলেন, ‘ওই অংশের ভাঙন প্রতিরাধের কোনো পরিকল্পনা আমাদের নেই।’