খুলনা ও সিলেটে স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে অষ্টম জাতীয় গণিত স্নাতক অলিম্পিয়াডের খুলনা অঞ্চল এবং সিলেট অঞ্চলের অলিম্পিয়াড গতকাল শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মাদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, গণিতের প্রতি আগ্রহ সৃষ্টিতে গণিত অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে স্কুল-কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়েও গণিত শিক্ষার প্রতি আগ্রহ কমছে। এটি ভালো লক্ষণ নয়। তরুণ সমাজকে গণিতের প্রতি আকৃষ্ট করতে হবে। তাদের বিজ্ঞানমনস্ক করে তুলতে পারলে তারা যুক্তিবাদী ও সৃজনশীল হবে। এতে বিপথগামী হবেন না তরুণেরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের (বিভাগ) প্রধান অধ্যাপক মো. হায়দার আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. রেজাউল হক, প্রতিযোগিতার কেন্দ্রীয় আয়োজক কমিটির সহ-আহ্বায়ক অধ্যাপক এম আনোয়ার হোসেন, অধ্যাপক মো. হারুনর রশীদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে ইউআরপি বিভাগে লেকচার থিয়েটারে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্নাতক পর্যায়ের কলেজের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। এ থেকে নির্বাচিত প্রথম ১০ জন ঢাকায় জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে নয়টায় সিলেট অঞ্চলের স্নাতক অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মূল অলিম্পিয়াড হয়। এতে সিলেট অঞ্চলের নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বেলা আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডের আহ্বায়ক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আবদুল হাকিম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক মো. শওকত প্রমুখ। অলিম্পিয়াডে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তাঁরা জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।