খুলনা ওয়াসার কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে ওয়াসার পাইপলাইন বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র অনুযায়ী কাজ করা হচ্ছে না বলে দাবি করেছেন নাগরিক নেতারা। ফলে ওই কাজের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তাঁদের।

গতকাল রোববার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন নাগরিক নেতারা। সংবাদ সম্মেলনের আয়োজন করে খুলনা উন্নয়ন ফোরাম, খুলনা নাগরিক সমাজ ও নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) খুলনা জেলা শাখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন। ওয়াসার কাজে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে নগরে ওয়াসার পানি সরবরাহের কাজ চলছে। দরপত্রে উল্লেখ রয়েছে, পাইপের নিচের অংশে কংক্রিট ও সামান্য বালু দিয়ে রোলার করার কথা, কিন্তু তা করা হচ্ছে না। এতে সাধারণ ভূমিকম্পে পাইপ বসে যাবে। পাইপের জোড়াও আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া পাইপ শুধু মাটিতে পুঁতে রাখাতে ২ থেকে ৩ দশক পর লোহার পাইপে মরিচা পড়ে অকেজো হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

অভিযোগ করা হয়, পাইপের ওপরের অংশে ১ নম্বর ইটের খোয়া দিয়ে রাস্তা ১ ফুট পুরুত্বের কার্পেটিং করার কথা থাকলেও তা করা হচ্ছে রাস্তা থেকে উঠানো পুরোনো ইট ভেঙে। কার্পেটিংয়ের কাজ দেশীয় দ্বিতীয় শ্রেণির ঠিকাদার দিয়ে করানো সম্ভব হলেও তা করা হচ্ছে উচ্চ দরে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে।

শরীফ শফিকুল হামিদ বলেন, ওয়াসা নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের অদক্ষতা, অনিয়ম, ওয়াসার অবহেলা, অসততা প্রভৃতি কারণে প্রকল্পের কাজ প্রশ্নের সম্মুখীন। অন্যদিকে নগরের অধিকাংশ এলাকায় পাইপ বসানোর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কিন্তু খোঁড়া সড়ক সংস্কারে ওয়াসা ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) গড়িমসি করছে। ফলে নগরবাসীর দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। বর্ষাকালে দুর্ভোগ আরও বাড়বে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব এম এ কাশেম, খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব মো. বাবুল হাওলাদার, নিসচার সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন প্রমুখ।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দীন আহমেদ বলেন, প্রকৃত তথ্য না জেনেই অভিযোগ করা হয়েছে। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পূর্ণ নিয়মানুযায়ী কাজ করছে। যদি কারও অভিযোগ থাকে, তাহলে তাঁরা নিজে এসে বা প্রতিনিধি দিয়ে কাজ তদারক করতে পারেন। সড়ক সংস্কারের কাজ কেসিসির চারজন প্রকৌশলীর তত্ত্বাবধানে করা হচ্ছে। তাঁরা নিয়মানুযায়ী কাজ বুঝে নিচ্ছেন।