খুলনা কর অঞ্চলে রেকর্ডসংখ্যক করদাতা নিবন্ধিত
সারা দেশে ৩১টি কর অঞ্চলের মধ্যে খুলনা কর অঞ্চল চলতি অর্থবছরে এক লাখ নতুন ইটিআইএন (ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর) নিবন্ধনের মাইলফলক অতিক্রম করেছে। এ ছাড়াও আয়কর রিটার্ন দাখিলে অন্যান্য কর অঞ্চলের চেয়ে এগিয়ে আছে খুলনা কর অঞ্চল। ২০১৬-১৭ অর্থ বছরের মে মাসের প্রথম সপ্তাহে নতুন করদাতা সৃষ্টির এই অভিনব সাফল্যে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে খুলনা কর অঞ্চল।
আজ রোববার দুপুরে বয়রায় কর ভবনে কর কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে ‘মাইলফলক ছোঁয়া ২০১৬-১৭ অর্থ বছরে ১ লাখ প্লাস নতুন করদাতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা কর আপিল কমিশনার প্রশান্ত কুমার রায়। তিনি বলেন, এ সাফল্য খুলনা কর অঞ্চলের সকল কর্মকর্তার। তাঁদের অক্লান্ত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। এখন কর আদায়ের মানসিকতা থেকে বেরিয়ে কর আহরণ করার প্রয়াসে খুলনা কর অঞ্চল কাজ করে যাচ্ছে। করদাতারাও স্বেচ্ছায় তাদের আয়কর দিতে আগ্রহ প্রকাশ করছে। মানুষের চিন্তা-চেতনায় পরিবর্তন এসেছে।
খুলনা কর অঞ্চলের দেওয়া তথ্যমতে, দেশের ৩১টি কর অঞ্চলে চলতি অর্থবছরের মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ৮ লাখ ৬০ হাজার নতুন ইটিআইএন নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে শুধু খুলনা কর অঞ্চলেই ১ লাখ নতুন ই-টিআইএন নিবন্ধিত হয়েছে। এতে করে খুলনা কর অঞ্চলের আরও নতুন ১ লাখ করদাতার সৃষ্টি হয়েছে। যা দেশের অন্য কোনো কর অঞ্চলের পক্ষে সম্ভব হয়নি। এ ছাড়াও অন্যান্য কর অঞ্চলের তুলনায় খুলনায় সর্বোচ্চ সংখ্যক আয়কর রিটার্ন দাখিল হয়েছে।
খুলনা কর কমিশনার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, খুলনা কর অঞ্চল বেশ কিছু উদ্যোগ নেওয়ায় এই সাফল্য এসেছে। এর মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) ও পৌরসভা ডিজিটাল সেন্টার (এমডিসি) উদ্যোক্তাদের ই-টিআইএন নিবন্ধন বিষয়ক প্রশিক্ষণ প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মত বিনিময়, খুলনা বিভাগের ১০টি জেলায় মোবাইল টিম ফর টিআইএন (এমটিটি) কর্মসূচি, শিক্ষকদের জন্য ট্যাক্স ট্রেনিং ফর টিচার (টিটিটি) কার্যক্রম উল্লেখযোগ্য। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে টিআইএন নিবন্ধনের প্রয়োজনীয়তা তুলে ধরে মোবাইলে এসএমএস ও ই-মেইল বার্তা পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার কে এম অহিদুল আলম, কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনার আবদুল মান্নান সিকদার, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম মুহসিন, যুগ্ম কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল, সাবেক কর আইনজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-কর কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ ও আবু নসর মো. মাহাবুবুজ্জামান, সহকারী কর কমিশনার রুপন চন্দ্র দাশ, খুরশীদ আলম, মো. গোলাম মোস্তফা প্রমুখ।