প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, খুলনা-কলকাতার মধ্যে যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ ব্যাপারে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে।গতকাল বৃহস্পতিবার যশোরের বেনাপোল কাস্টম হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।খুলনা-কলকাতার মধ্যে সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই করতে মসিউর রহমান গতকাল বেনাপোল স্থলবন্দর, কাস্টম হাউস, পুলিশ ইমিগ্রেশন, দুই দেশের তল্লাশি চৌকি (চেকপোস্ট) ও নোম্যান্স ল্যান্ড এলাকা পরিদর্শন করেন।সকালে কমিউটার ট্রেনে চড়ে যশোর রেলওয়ে জংশন থেকে বেনাপোলে যান উপদেষ্টা। পরে কাস্টম হাউস মিলনায়তনে কাস্টমস, বন্দর, রেলওয়ে ও স্থানীয় বন্দর ব্যবহারকারী ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের সঙ্গে পৃথক বৈঠক করেন।বৈঠকে উপদেষ্টা বলেন, খুলনা-কলকাতার মধ্যে যাত্রীবাহী ট্রেন চালুর ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। শিগগিরই ট্রেন চালুর বিষয়ে সরকার আশাবাদী।