খুলনা-কলকাতা যাত্রীবাহী ট্রেন ৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা-খুলনার মধ্যে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন উদ্বোধন হচ্ছে ৮ এপ্রিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি মাসেই ভারত সফরের সময় এই ট্রেন উদ্বোধন করা হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী ৭ এপ্রিল তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত আসছেন। এর পরের দিন ৮ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে কলকাতা-খুলনা ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলে আজ শনিবার কলকাতার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ওই দিন পরীক্ষামূলক ট্রেন চলাচলের পর পয়লা বৈশাখ থেকে নিয়মিত চলাচল করবে কলকাতা-খুলনা ট্রেন।

এর আগে গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ ও পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করে কলকাতা-খুলনার মধ্যে যাত্রীবাহী ট্রেন চালু হবে বলে জানান পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) বাসুদেব পান্ডা। তিনি রেলের কর্মকর্তাদের নিয়ে পেট্রাপোল, বনগাঁ স্টেশন ঘুরে দেখেন। তাঁরা সীমান্তের শুল্ক দপ্তর, অভিবাসন দপ্তর পরিদর্শন করেন। পরে তাঁরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন। গতকাল শুক্রবার রেল বোর্ডের নির্দেশ পেয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এস এন আগরওয়াল পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করে স্টেশনের খুঁটিনাটি বিষয়গুলো খতিয়ে দেখেন।

ঢাকা-কলকাতার মধ্যে ২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন থেকে চালু হয় যাত্রীবাহী আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেস।