খুলনা, গোপালগঞ্জে শহর পরিষ্কার রাখার শপথ

খুলনা শহর ও গোপালগঞ্জ শহরে গতকাল শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ‘পরিবর্তন চাই’ নামের একটি সামাজিক সংগঠন। ‘দেশটাকে পরিষ্কার করি’ দিবস উপলক্ষে এ কর্মসূচি নেয় তারা। এ সময় শহর দুটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ নেন অংশগ্রহণকারীরা।
গোপালগঞ্জ শহরের কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩০ শিক্ষার্থী। তাঁরা শহরের হেলিপ্যাড থেকে পুলিশ লাইনস মোড় পর্যন্ত পরিষ্কার করেন। পরে শহরের লেকপাড় পার্কে তাঁদের শপথ পড়ান জ্যেষ্ঠ সাংবাদিক মনোজ সাহা।
খুলনা শহরের কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বিএল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা শহরের রয়েল মোড়, পিটিআই মোড়, শান্তিধাম মোড়, সাতরাস্তা মোড়, জাতিসংঘ শিশুপার্ক, হাদিস পার্কসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান পরিষ্কার করেন।
জেলা প্রশাসক নাজমুল আহসান বেলা ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন। তিনি অংশগ্রহণকারীদের শপথ পড়ান। অনুষ্ঠানে বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, মহাসচিব গোলাম মোস্তফা সজিব মোল্লা, যুগ্ম মহাসচিব মো. তরিকুল ইসলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।