খুলনা ছাত্রলীগের অভিযোগ ওঠা নেতাদের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অভিযোগ ওঠায় খুলনার সাত উপজেলার ছাত্রলীগের নেতাদের কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে জেলা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের খুলনা জেলার সভাপতি আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন।
আরাফাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই। তাই যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের কাছে জবাব চাওয়া হবে। ফুলতলা, দাকোপ, কয়রা, তেরখাদা, ডুমুরিয়া, রূপসা ও বটিয়াঘাটা উপজেলার নেতাদের আমরা কারণ-দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাত দিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। এর মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এ প্রসঙ্গে একই কথা বলেছেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান।
ছাত্রলীগের জেলার নেতাদের ভাষ্য, ২০১২ সালের ১০ জানুয়ারি সম্মেলনের পর আরাফাত হোসেনকে সভাপতি ও মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কিন্তু নতুন জেলা কমিটি গঠিত হওয়ার কয়েক ঘণ্টা আগে সাবেক জেলা সভাপতি আবু হানিফ ছয়টি উপজেলায় তাঁর অনুসারীদের দিয়ে কমিটি করে দিয়ে যান। এতে ওই উপজেলাগুলোর নেতারা বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বদলে সাবেক সভাপতির কথায় চলেন। এতে তাঁরা নানা অপকর্ম করলেও ব্যবস্থা নিতে পারছেন না বর্তমান নেতারা। এ ছাড়া কোনো ব্যবস্থা নিতে গেলেও জেলা আওয়ামী লীগের নেতাদের কারণে তা সম্ভব হচ্ছে না। এ কারণে সংগঠনে কোনো শৃঙ্খলা নেই।