খুলনা জাদুঘর থেকে দুটি কৃষ্ণমূর্তি চুরি
খুলনা বিভাগীয় জাদুঘর থেকে উনবিংশ শতাব্দীর জমিদার আমলের দুটি কৃষ্ণমূর্তি চুরি হয়েছে। চোরেরা ভবনের দোতলার পূর্ব দিকের গ্রিল কেটে ঘরে ঢুকে গ্লাস ভেঙে মূর্তি নিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনার পর খুলনা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা বিভাগীয় জাদুঘর পরিদর্শন করেন।খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক শিহাবউদ্দিন মো. আকবার প্রথম আলোকে জানান, গতকাল সোমবার সকালে জাদুঘরের মূর্তি রাখার ঘরে সিলগালা খুলে দেখতে পান, মূর্তি রাখা বক্সের গ্লাস ভাঙা। পরে কাছে গিয়ে দেখতে পান, একই জায়গায় রাখা চারটি কৃষ্ণমূর্তির মধ্যে দুটি নেই। এ সময় তিনি এবং জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা দেখেন, দোতলার পূর্ব পাশের গ্রিল কাটা। এর পর পরই তিনি নগরের সোনাডাঙ্গা থানায় খবর দেন। খবর পেয়ে দুপুরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।তিনি আরও জানান, গতকাল সাপ্তাহিক ছুটির আগে ভবনের বিভিন্ন কক্ষ যেভাবে সিলগালা করে গিয়েছিলেন, সিলগালাগুলো ঠিক সেভাবেই ছিল। চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে মূর্তিগুলো চুরি করেছে।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শওকত হোসেন বলেন, আঞ্চলিক পরিচালকের কাছ থেকে মূর্তি চুরি হওয়ার খবর পেয়ে তিনি এবং নগর পুলিশের উপপুলিশ কমিশনার আবুল বাশার তালুকদার, গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোল্লা আজাদ হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে প্রত্নতত্ত্ব খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক শিহাবউদ্দিন মো. আকবর বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় একটি মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এখনো কাউকে আটক করা হয়নি।