খুলনা জিলা স্কুলের ‘থার্ড বয়’ অকৃতকার্য!
তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত বরাবরই ভালো ফল করে এসেছে ছেলেটি। মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) সে জিপিএ-৫ পাবে বলে প্রায় নিশ্চিত ছিলেন শিক্ষকেরা। কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা গেল, ছেলেটির নামের পাশে অকৃতকার্য (এফ) লেখা। শিক্ষক-অভিভাবক ও সহপাঠীদের বিস্ময়, ‘হায়দার কেন ফেল করবে?’ ঐতিহ্যবাহী খুলনা জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে শেখ আলী হায়দার। ক্লাসে তার রোল নম্বর ছিল ৩ (থার্ড বয়)। ফলাফলের তালিকায় হায়দারের নামের পাশে ‘এফ’ দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালেকা বেগম বলেন, ‘হায়দারের মতো মেধাবী ছেলে ফেল করতে পারে না। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। গত বছরও দুজনের ফলাফল এফ এসেছিল। কিন্তু খাতা পুনরায় পর্যালোচনার পর তারা দুজনেই জিপিএ-৫ পেয়েছিল। আমার এ ছেলেও (হায়দার) জিপিএ-৫ পাবে।’আলী হায়দারকে ডেকে সান্ত্বনা দিয়ে প্রধান শিক্ষিকা বলেন, ‘তোমার জন্য শিক্ষা বোর্ডে খাতা চ্যালেঞ্জ করা হবে। তুমি ভেবো না। আমি দেখব।’ খুলনা নগরের টিবি ক্রস রোডের মো. শহীদুজ্জামানের ছেলে আলী হায়দার বিমর্ষ কণ্ঠে প্রথম আলোকে বলে, ‘প্রতিটি পরীক্ষা আমি গুরুত্ব সহকারে দিয়েছি। এমনকি পরীক্ষার খাতায় প্রয়োজনীয় বিভিন্ন কোড নম্বর লেখার ক্ষেত্রেও সতর্ক ছিলাম। তার পরও এ রকম ফলাফল হওয়ার কারণ বুঝতে পারছি না।’ এ বছর খুলনা জিলা স্কুল থেকে ৩৮৬ জন এসএসসি পরীক্ষা দিয়ে ৩০৩ জন জিপিএ-৫ পেয়েছে। এই বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত ও আরেকজন অকৃতকার্য হওয়ায় শতভাগ পাস হয়নি। তবে সার্বিক ফলাফল ভালো হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।