খুলনা জেলা ছাত্রলীগের কমিটি গঠন
১৫ বছর পর গত শনিবার খুলনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোনো কাউন্সিল ও তৃণমূলের মতামত ছাড়াই সম্মেলনে পারভেজ হাওলাদারকে সভাপতি এবং ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন (আংশিক) কমিটি গঠন করা হয়েছে।
নগরের একটি হোটেলের মিলনায়তনে সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান। সাড়ে পাঁচ বছর পর নতুন কমিটি পেল খুলনা জেলা ছাত্রলীগ।
এর আগে গত শনিবার দুপুর সাড়ে ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইফুজ্জামান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অসিত বরণ বিশ্বাস ও সভাপতি এইচ এম বদিউজ্জামান। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৫ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। এরপর ২০১২ সালের ১০ জানুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে আরাফাত হোসেনকে সভাপতি এবং মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।