খুলনা জেলা ছাত্রলীগের কোন্দল প্রকাশ্যে
সম্মেলন নিয়ে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েছে খুলনা জেলা ছাত্রলীগের দুটি পক্ষ। এক পক্ষে আছেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. আবু হানিফ ও সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান। অপর পক্ষে রয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুল কাদের শেখ। অভিযোগ উঠেছে, সভাপতি ও সাধারণ সম্পাদককে নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী। সহসভাপতি পক্ষকে পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ সম্মেলন উপলক্ষে গত রোববার নগরে বর্ধিত সভা করে। প্রতিপক্ষের নেতা-কর্মীরা এই সভা বর্জন করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। খুলনা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আবদুল কাদের শেখ প্রথম আলোকে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারী মনোভাবের প্রতিবাদে তাঁরা বর্ধিত সভা বর্জন করেছেন। গত ৩ জুন খুলনা প্রেসক্লাবে জেলা ছাত্রলীগের এই অংশের এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সংগঠনের সভাপতি শেখ মো. আবু হানিফ ও সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান নিজেদের ভাগ্য বদলে মাছের ঘের দখল ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েছেন। সম্মেলন ঘিরে ওই নেতারা চাঁদাবাজির মহোৎসবে মেতে উঠেছেন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাঁরা বলেন, সংগঠনের কার্যালয়ের পরিবর্তে সভাপতির একক সিদ্ধান্তে স্থানীয় একটি ক্লাবে বর্ধিত সভা আয়োজন করায় তা বর্জন করা হয়েছে। এদিকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রোববারের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে আবদুল কাদের বলেন, সবার সঙ্গে আলোচনা না করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০২ সালের ২৫ জুলাই। সম্মেলনে শেখ মো. আবু হানিফকে সভাপতি ও মো. নূরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়। কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে আরও ছয় বছর আগে। এই কমিটির ১০১ সদস্যের অধিকাংশই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে অনেকেরই ছাত্রত্ব শেষ হয়েছে অনেক আগেই। অনেকে বিদেশে আছেন। কেউ কেউ বিয়ে-শাদি করে চাকরি ও ব্যবসা নিয়ে ব্যস্ত।নগরের খুলনা আবাহনী ক্লাবে ছাত্রলীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ফারুক হাসান এবং শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক বদিউজ্জামান সোহাগ। জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবু হানিফ বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে আমাদের বিরোধিতা করছে।’ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আবু হানিফ জানান, এ মাসের শেষ দিকে জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হতে পারে।খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ১১ জানুয়ারির পর জেলা ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাদের অনেককে পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এসব কথিত ছাত্রনেতা তাঁকে (হারুনুর) না জানিয়ে দুটি থানা ছাত্রলীগের সম্মেলন করেছেন। এসব তিনি দলের ঊর্ধ্বতন নেতাদের জানাবেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।