খুলনা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ছয় বছর পর খুলনায় জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সোমবার। সকাল ১০টায় নগরের শহীদ হাদিস পার্কে এ সম্মেলন হবে।
সম্মেলন উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ ছাড়া উপস্থিত থাকবেন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, সাহিদুর রহমান, তাজ রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ। সভাপতিত্ব করবেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।
সর্বশেষ ২০০৯ সালের ২০ জুলাই খুলনা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন হয়। তখন শফিকুল ইসলামকে সভাপতি ও এম হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি করা হয়। ২০১১ সালের ২১ জুলাই কমিটির মেয়াদ শেষ হয়।
এরপর ২০১৪ সালে সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি। ওই সময় দলের চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায়কে আহ্বায়ক ও শফিকুল ইসলামকে সদস্যসচিব করে জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি করা হয়। এরপর একাধিকবার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হলেও দলের চেয়ারম্যান সময় দিতে না পারায় তারিখ পিছিয়ে যায়।
সম্মেলন ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কাঙ্ক্ষিত পদের আশায় দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব শফিকুল ইসলাম বলেন, সম্মেলনের সব ধরনের প্রস্তুতি শেষ। ৭৫ সদস্যের সম্মেলন বাস্তবায়ন কমিটি করা হয়েছে। সম্মেলনে ৫৪৪ জন কাউন্সিলর ও প্রায় পাঁচ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন বলে আশা করেছেন তিনি।