খুলনা জেলাকে প্রাথমিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা
খুলনা জেলাকে প্রাথমিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ আনুষ্ঠানিকভাবে খুলনা জেলাকে প্রাথমিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, ১ আগস্ট ২০১৬ থেকে প্রথমবারের মতো খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপর থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সক্রিয় সহযোগিতায় খুলনা বিভাগে ভিক্ষুকমুক্ত কর্মসূচি চলমান রয়েছে। এই পুনর্বাসন-প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া এবং ২০ মের মধ্যে খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি ভিক্ষুককে ভিক্ষা না দেওয়ার জন্য এবং জাকাত বা দানের টাকা ভিক্ষুক পুনর্বাসন ফান্ডে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি এ সময় পেশাদার বা ব্যবসায়ী ভিক্ষুকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন।
জেলা প্রশাসক নাজমুল আহসান খুলনা জেলায় ভিক্ষুকমুক্ত কর্মসূচির বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, খুলনা মহানগরসহ জেলার নয়টি উপজেলায় এ পর্যন্ত ৩ হাজার ৪৯৭ জন ভিক্ষুক শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিন ধাপে ৩ হাজার ৪৬৩ জন ভিক্ষুককে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করার জন্য বিভিন্ন উপকরণ ও রেশনিংয়ের আওতায় পুনর্বাসিত করা হয়েছে। বাকি ৩০ জনে মধ্যে তিনজন মারা গেছেন এবং ২৭ জন উপকরণ সামগ্রী নিতে আসেননি।
ভিক্ষুকমুক্ত কর্মসূচি ফান্ডে জেলা প্রশাসনের কর্মকর্তাদের এক দিনের বেতন, পুলিশ বিভাগ, বিভিন্ন সংগঠন, সমিতি, এনজিও ও বিত্তবানদের সহযোগিতায় এ পর্যন্ত ৮৭ লাখ ৩৪ হাজার ৪৫৭ টাকা সংগ্রহ হয়েছে; যা থেকে ৭২ লাখ ১ হাজার ৫৮৫ টাকা পুনর্বাসন কাজে ব্যয় হয়েছে। অবশিষ্ট ১৬ লাখ ৪১ হাজার ৮৯৯ টাকা দিয়ে পরবর্তী সময়ে এ কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবির উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।