খুলনা টিভি ডট কম-এর উদ্বোধন ও জেলা প্রশাসক পদক বিতরণ
খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ‘খুলনা টিভি ডট কম’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
জেলা প্রশাসন সূত্র জানায়, ‘সেবা, উন্নয়ন ও উদ্ভাবনে আমরা’ স্লোগান নিয়ে চালু হওয়া টিভিতে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত তিন ঘণ্টা খুলনার সরকারি প্রতিষ্ঠানের সেবা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নানা উদ্ভাবন জনগণের সামনে তুলে ধরা হবে। পরবর্তী ২১ ঘণ্টায় সাতবার অনুষ্ঠানগুলো পুনঃপ্রচার করা হবে।
পরে বিভাগীয় কমিশনার ‘খুলনা জেলা প্রশাসক পদক ২০১৬’ মনোনীত ব্যক্তিদের মাঝে পদক বিতরণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক ক্যাটাগরিতে (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাটাগরিতে দাকোপের ইউএনও মৃণাল কান্তি দে (বর্তমানে চুয়াডাঙ্গা সদরের ইউএনও পদে কর্মরত)। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ফুলতলার শাহনাজ বেগম (বর্তমানে যশোর জেলার বাঘারপাড়ার ইউএনও হিসেবে কর্মরত)। সহকারী কমিশনার ক্যাটাগরিতে জেলা প্রশাসকের কার্যালয়ে (আইসিটি) কর্মরত ফেরদৌস ওয়াহিদ। সহকারী প্রোগ্রামার দিঘলিয়া উপজেলা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের সমীর বিশ্বাস। অন্য দপ্তরের কর্মকর্তা ক্যাটাগরিতে জেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন।