খুলনা টিসিবির আঞ্চলিক কার্যালয়ে জনবলসংকট
খুলনার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আঞ্চলিক কার্যালয়ে ২৬ পদের মধ্যে বর্তমানে ১৮টিই শূন্য। প্রায় এক যুগ ধরে চলা এ সংকট নিরসনে স্থানীয় কর্মকর্তারা একাধিকবার চিঠি চালাচালি ও মৌখিক দাবি জানালেও কাজ হয়নি। এ কারণে বাজার তদারকিসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
টিসিবি খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে জানা যায়, বিভাগের ১০ জেলা, ফরিদপুর ও পিরোজপুর সমন্বয়ে গঠিত খুলনা আঞ্চলিক কার্যালয়। এখানে মোট সৃষ্ট পদের সংখ্যা ২৬টি। এর মধ্যে রয়েছেন মাত্র আটজন। পদগুলোর মধ্যে আঞ্চলিক প্রধান কর্মকর্তার একটি পদে একজন আছেন। ঊর্ধ্বতন কার্যনির্বাহীর পদটি শূন্য। উপ-ঊর্ধ্বতন কর্মকর্তার দুটি ও সহকারী কার্যনির্বাহীর তিনটি পদই শূন্য। কম্পিউটার অপারেটরের পাঁচটি পদের বিপরীতে আছেন মাত্র একজন। নিরাপত্তা পরিদর্শকের একটি পদে একজন আছেন। এমএলএসএসের তিনটি পদের বিপরীতে দুজন ও নৈশপ্রহরীর পাঁচটি পদে আছেন মাত্র একজন। পরিচ্ছন্নতাকর্মীর একটি পদে একজন আছেন। বিক্রয় সহাকারী দুটি পদে একজন আছেন আর জেটি সুপারভাইজারের দুটি পদই শূন্য।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৯৮ ও ২০০০ সালে বাধ্যতামূলক অবসর দেওয়ার পর এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে টিসিবি খুলনা কার্যালয়ের প্রশাসনিকসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ন্যায্যমূল্যে খোলাবাজারের সময়ে ট্রাক করে চিনি, ডাল ও তেল বিক্রি এবং সরবরাহ কার্যক্রম শুরু হলে এ অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করে।
জানা যায়, শুধু জনবলই নয়, সংকট রয়েছে প্রয়োজনীয় প্রযুক্তিসামগ্রীর। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সরকার যখন কাজ করছে, তখন বিভাগীয় এ অফিসটিতে কোনো ফটোকপিয়ার ও ইন্টারনেট সংযোগ নেই। অফিসের জরুরি কাজ ও ডকুমেন্ট তৈরিতে তাই বাইরের প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। এতে করে অফিসের গোপনীয়তা ও সময় নষ্ট হয়। তা ছাড়া অফিসের কাজ করার জন্য একটি গাড়ি বরাদ্দ থাকলেও তা আজও পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও কর্মচারী বলেন, ‘জনবলসংকটের কারণে একজনকে একাধিক কাজ করতে হয়। এতে সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করা যায় না। ভোগান্তি বাড়ে। সকাল থেকে রাত আটটা নয়টা পর্যন্ত কাজ করতে হয়।’
টিসিবির খুলনা আঞ্চলিক প্রধান কর্মকর্তা মো. রবিউল মোর্শেদ জনবলসংকটের কথা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাৎক্ষণিক কাজ সারতে দৈনিক মজুরিভিত্তিক কিছু লোক কাজ করেন। তবে স্থায়ীভাবে লোক নিয়োগ করা হলে টিসিবির কাজের গতি অনেকটাই বৃদ্ধি পাবে। প্রয়োজনীয় সামগ্রীর অপ্রতুলতা প্রসঙ্গে তিনি বলেন, জনবলসংকটের পাশাপাশি এ সংকটের কারণে অফিসে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। যে কাজটি দ্রুত শেষ হওয়ার কথা, সে কাজটি দেখা গেল কিছুটা সময় বেশি লেগে যায়।