খুলনা-ঢাকা ও ঢাকা-পার্বতীপুর পথে বিশেষ ট্রেন
ঈদ উপলক্ষে খুলনা-ঢাকা ও ঢাকা-পার্বতীপুর রেলপথে বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। খুলনা রেলওয়ের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে রেল কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে খুলনা-ঢাকা-খুলনা রেলপথে ঈদের আগের তিন দিন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রেলপথে ঈদের আগে তিন দিন এবং ঈদের পরের পাঁচ দিন বিশেষ ট্রেন চলবে। তবে ঈদের পরের পাঁচ দিন খুলনা-ঢাকা রেলপথে বিশেষ ট্রেন চলাচল করবে কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি। এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ঈদ স্পেশাল ট্রেন’। গোলাম মোস্তফা আরও বলেন, এই ট্রেন খুলনা থেকে সকাল ছয়টার দিকে ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে বিকেল প্রায় সাড়ে চারটার দিকে। সেখানে ৪০ মিনিট বিরতির পর আবার ট্রেনটি খুলনার উদ্দেশে ঢাকা ছাড়বে, পৌঁছাবে রাত তিনটার দিকে। তবে এই রেলপথে সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস যথারীতি নির্ধারিত সময়ে চলাচল করবে।সূত্র জানায়, বিশেষ ট্রেনে বগি (কম্পার্টমেন্ট) থাকবে মোট আটটি। আটটি বগিতে মোট আসনসংখ্যা থাকবে ৭১২টি। এই ট্রেনে মাত্র দুটি শ্রেণী থাকবে—শোভন ও তাপানুকূল (এসি) চেয়ার। শোভন (সাধারণ) শ্রেণীর টিকিট ২০০ টাকা ও তাপানুকূল চেয়ারের টিকিট ৪৭২ টাকা করে থাকবে।তবে ঈদের পরের পাঁচ দিন খুলনা-ঢাকা রুটে বিশেষ ট্রেন ছাড়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ার ব্যাপারে খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান বলেন, খুলনাবাসী সব সময় বঞ্চনার শিকার। ঈদের পর বিশেষ ট্রেনের ব্যবস্থা না করা হলে সময়মতো এই অঞ্চলের মানুষের কর্মস্থলে ফেরা কঠিন হয়ে পড়বে। তিনি ঈদের পরও বিশেষ ট্রেন দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানান।