খুলনা নগর ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ হেল কাফি (৩০) দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে দুষ্কৃতকারীরা তাঁকে মুঠোফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি-২ বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়েছে। সার্জারি-২ বিভাগের সহকারী রেজিস্ট্রার জোর্তিময় মল্লিক সাংবাদিকদের বলেন, আবদুল্লাহর মাথার দুটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মাথায় ১৪টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া শরীরে একাধিক স্থান ও বাঁ পায়ে বড় ধরনের আঘাত রয়েছে। ২৪ ঘণ্টা না গেলে তাঁকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আবদুল্লাহ নগরের ১ এন দাশ লেন টুটপাড়ার বাসিন্দা মনিরুল ইসলামের বড় ছেলে। তিনি ১৯৯৫ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি খুলনা নগরের সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।