খুলনা নগর বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নগর বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল ফের চাঙা হয়ে উঠেছে। খুলনা বিএনপির রাজনীতিতে সদর আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলী আসগর লবীর ফের সক্রিয় হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর নগর বিএনপিতে কোণঠাসা একটি পক্ষ নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে।খুলনা সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ আগামী বছর সেপ্টেম্বরে শেষ হবে।শনিবার সন্ধ্যায় নগর বিএনপির একাংশ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের মধ্য দিয়ে আলী আসগর খুলনায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হলেন বলে তাঁর সমর্থকদের দাবি। অনুষ্ঠানে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ওরফে মঞ্জু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে মঞ্জু-মনি সমর্থকেরা দলের মধ্যে যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করার হুমকি দিয়েছেন। দলীয় সূত্র জানায়, বিএনপি সমর্থক বর্তমান ও সাবেক ওয়ার্ড কাউন্সিলরেরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের নামে শনিবার সন্ধ্যায় নগরের একটি রেস্তোরাঁয় সভা আয়োজন করেন। এতে আলী আসগরকে প্রধান অতিথি করা হয়। অনুষ্ঠানে লবী সমর্থকদের আমন্ত্রণ জানানো হলেও মঞ্জু-মনির সমর্থক কোনো নেতা-কর্মীকে আমন্ত্রণ জানানো হয়নি।নগর বিএনপির নেতা ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাউসুল আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, নগর বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সেকেন্দার জাফরুল্লাহ খান, বিএনপি নেতা নুরুজ্জামান খোকন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশফাকুর রহমান, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমান উল্লাহ, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফ হোসেন, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনসুর আলী খান, সাবেক কাউন্সিলর আবু সালেক, মনিরুজ্জামান ও রাশেদসহ লবী-মোর্ত্তজা সমর্থক যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দেড় শতাধিক নেতা-কর্মী। সভায় নগর বিএনপির সভাপতি ও সদর আসনের সাংসদ নজরুল ইসলামের তীব্র সমালোচনা করে বলা হয়, তিনি দলের মধ্যে পক্ষ সৃষ্টি করে রেখেছেন। দলের ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের বাদ দিয়ে তিনি তাঁর পক্ষের লোকজনদের নগর কমিটিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন কমিটির নেতৃত্বে বসিয়েছেন। নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সমালোচনা করে সভায় বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের সময় কেসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তিনি কেন এবং কার নির্দেশে নির্বাচনে অংশ নিয়েছিলেন দলের কাছে সে ব্যাপারে ব্যাখ্যা দেননি। তাঁর কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সভায় প্রধান অতিথি আলী আসগর দলীয় বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ প্রসঙ্গে আলী আসগর বলেন, ‘আমি গ্রুপিংয়ের রাজনীতিতে বিশ্বাস করি না। সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। আমরা জানি কারা এক-এগারোর সময় সংস্কারপন্থী হিসেবে মান্নান ভূঁইয়ার সঙ্গে হাত মিলিয়েছিলেন। তবে দলের স্বার্থে আমরা ঐক্য চাই।’নগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘অসৎ উদ্দেশ্যে ওই অনুষ্ঠান করা হয়েছে। এতে দলের সাধারণ নেতা-কর্মীদের কোনো আগ্রহ নেই। আর যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীরা দলের বিভিন্ন পদ পেয়েছেন। যাঁরা দলের আন্দোলন-সংগ্রামে নেই, তাঁরা তো বাদ যাবেনই। অসৎ ও দলছুট মানুষের কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হবে না। তাঁদের ষড়যন্ত্র সাধারণ নেতা-কর্মীরা রাজপথেই রুখে দেবে।’ নগর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান বলেন, ‘দলের তৎকালীন মহাসচিবের নির্দেশে কেসিসি নির্বাচনে অংশ নিয়েছি। আমার কারণে দল ক্ষতিগ্রস্ত হয়নি বরং আরও সুসংগঠিত হয়েছে।’