খুলনা নগর ভবন হবে দুর্নীতিমুক্ত, সর্বজনীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মনিরুজ্জামান
মো. মনিরুজ্জামান

‘আমার এখন প্রথম কাজ নগর ভবনের ভেতরের প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়া আনা, নগর ভবনকে দক্ষ ও গতিশীল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। এত দিনের অসংগতিকে সংগতির পর্যায়ে ফিরিয়ে আনা। তিন ভাগে ভাগ করে এ কাজগুলো করা হবে। প্রথমত, প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন, দ্বিতীয়ত, ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বসে করণীয় নির্ধারণ ও তৃতীয়ত, উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ।’
গতকাল বুধবার খুলনা সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বেলা তিনটায় হাজী মুহসীন রোডের উদয়ন ক্লাবে তাঁর নির্বাচনী কার্যালয়ে প্রথম আলোর সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন মো. মনিরুজ্জামান।
নগর উন্নয়নের ক্ষেত্রে জলাবদ্ধতাকে একটি বড় সমস্যা উল্লেখ করে মো. মনিরুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে, সেসব বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। ‘নগরের জলাবদ্ধতা দূরীকরণ’ নামে একটি প্রকল্প এলজিইডি বাস্তবায়ন করছে। তিনি এটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবেন। পাশাপাশি পাড়া-মহল্লার সড়কগুলোও এখন থেকে গুরুত্বে সঙ্গে সংস্কার করা হবে।
সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার বিকাশের ক্ষেত্রে করপোরেশনের উদ্যোগের বিষয়ে তিনি বলেন, নাগরিকদের বিনোদনের জন্য আধুনিক শিশুপার্ক, মহিলা পার্ক, পাবলিক হল, সিনেপ্লেক্স ও নভোথিয়েটার গড়ে তোলা হবে।
মেয়র বলেন, ‘আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আমাকে দুর্নীতি করে অর্থশালী হতে হবে না। যে বরাদ্দ আসবে তার সবটাই নগরের উন্নয়নে ব্যয় করব।’ নির্বাচনী ইশতেহারের ২১ দফা বাস্তবায়নের ব্যাপারে মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি মনে করি ২১ দফা বাস্তবায়ন কোনো বিষয় না। যে পরিষদ নির্বাচিত হয়েছে তারা সবাই অভিজ্ঞ, তাদের নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।’
দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি- সমর্থিত এই মেয়র বলেন, ‘রাজনৈতিক ভাবনা বাস্তবায়নের জন্য জনগণ আমাকে নির্বাচিত করেনি, এ কথা মাথায় রেখেই আমি নগরবাসীর সেবা করতে চাই। আমি যদিও নগর বিএনপির সাধারণ সম্পাদক, কিন্তু নগর ভবন পরিচালনার ক্ষেত্রে কোনোভাবেই এর প্রভাব পড়তে দেওয়া হবে না।’
খুলনার নবনির্বাচিত এই নগরপিতা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার নতুন মেয়রদের পদমর্যাদা ছোট করেছে। ফলে নগরের বিভিন্ন সমস্য সমাধানে সব সংস্থার সমন্বকারী হিসেবে মেয়রের কাজ ব্যাহত হবে। মেয়রদের প্রতিমন্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিতে তিনি সরকারের প্রতি দাবি জানান।