খুলনা নগর ভবনে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে গতকাল সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নগর ভবনের গুরুত্বপূর্ণ কক্ষে আগুন লাগার ঘটনায় একাধিক তদন্ত দল গঠন করা হয়েছে।
জানা গেছে, সকাল পৌনে নয়টায় নগর ভবনের পঞ্চম তলায় ট্রেড লাইসেন্স শাখার কর্মচারী কামরুল এসে তালা খোলার সময় ধোঁয়া দেখতে পান। তিনি সবাইকে বিষয়টি জানান। এরপর টুটপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং বয়রা ফায়ার স্টেশনের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস বলেন, পুরো ঘটনার তদন্তে কেসিসির প্যানেল মেয়র-২ শেখ হাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।
খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক লিয়াকত আলী বলেন, ক্ষতি, উদ্ধার এবং আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা জানতে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।