খুলনা নগরে ইজিবাইক চলবে পাঁচ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমাতে ইজিবাইকের সংখ্যা পাঁচ হাজার করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ইজিবাইকের শোরুমগুলো সিলগালা করা এবং নগরের দুটি সড়কে ইজিবাইক চলতে না দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, মহানগর পুলিশ (কেএমপি), সিটি করপোরেশন (কেসিসি) ও স্থানীয় সাংসদদের সমন্বিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ২০ মে থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
সভায় জানানো হয়, ২০১২ সালের জানুয়ারিতে সে সময়কার মেয়র তালুকদার আবদুল খালেকের অনুমোদন দেওয়া ১ হাজার ৯৬৩টি ইজিবাইকের পাশাপাশি আরও ৩ হাজার ইজিবাইক চলাচলের জন্য বিশেষ টোকেন দেওয়া হবে। এসব টোকেন কারা কীভাবে পাবেন সে বিষয়ে খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান ও কেসিসির ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান সিদ্ধান্ত নেবেন। নগরে চলার জন্য ইজিবাইকের রং লাল এবং বাইরের জন্য সবুজ রং নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম ড্রাইভিং দক্ষতা ছাড়া কেউ ইজিবাইক চালাতে পারবেন না।
সভায় আরও জানানো হয়, ইজিবাইকের অনুমোদন দেওয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকায় নতুন করে অনুমোদন দেওয়া সম্ভব নয়। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে টোকেন দেওয়ার ব্যবস্থা করা হবে। এ ছাড়া খুলনা নগরের রূপসা ট্রাফিক মোড় থেকে পিটিআই, রয়েল মোড়, ফেরিঘাট মোড় হয়ে জোড়াগেট পর্যন্ত এবং রূপসা ট্রাফিক মোড় থেকে কাস্টম ঘাট, পিকচার প্যালেস মোড় হয়ে ডাকবাংলো ফেরিঘাট পর্যন্ত সড়কে ইজিবাইক চলাচল করতে পারবে না। নগরে হঠাৎ যানবাহন কমে যাওয়ায় যাতে ভোগান্তির সৃষ্টি না হয় সে জন্য বিআরটিসির গাড়ি চলাচল এবং নগর পরিবহন বাড়ানো হবে।
সভায় খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ সভাপতিত্ব করেন। এতে জেলা প্রশাসক নাজমুল আহসান, কেএমপির কমিশনার নিবাস চন্দ্র মাঝি, কেসিসির ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান, খুলনা-৩ আসনের সাংসদ মুন্নুজান সুফিয়ান, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, র্যা ব-৬-এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় কেএমপির কমিশনার নিবাস চন্দ্র মাঝি চারটি ইজিবাইক মালিক সমিতির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানান, জেলায় ৮০ হাজার ইজিবাইক চলে। নগরে চলে ৩০ হাজারের বেশি।