খুলনা নগরে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজিবাইক, রিকশা ও বেবিট্যাক্সিতে বড় বড় প্রচারমাইকের শব্দ। আর হাত (হ্যান্ড) মাইক বা মেগাফোন তো সারা দিনই চলছে। এই চিত্র খুলনা নগরের। আর এর কারণ ১৫ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন উপলক্ষে যেন উৎসবে মেতে উঠেছে নগরবাসী। নগরে বের হলেই চোখে পড়ে প্রতিটি ছোট-বড় রাস্তার ওপর ঝুলছে সাদা-কালো পোস্টার। বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কায় পোস্টারগুলো স্বচ্ছ পলিথিনে মুড়ে দেওয়া হয়েছে। দলে দলে মানুষ ভোট ও দোয়া চেয়ে প্রচারপত্র (লিফলেট) বিতারণ করছে। বিকেলের দিকে রাস্তায় বেরোতেই মাইকে ভেসে আসছে, ‘জন্ম আমার ধন্য হলো মাগো...।’ এ ধরনের গান সাধারণত বিজয় দিবস, স্বাধীনতা দিবস অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শোনা যায়। প্রথমে অবাক লাগলেও একটু পরে ভুল ভাঙে।খুলনা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছে পাঁচ বছর আগে। দীর্ঘদিন পর নগরবাসী আবার ভোট দিতে পারবে, এটা উৎসবের একটা বড় বিষয় বলে মনে করেন নগরের গোবরচাকা এলাকার মাসুম শেখ। নগরের কোপাইবিল এলাকার মনিরুল ইসলাম বলেন, নির্বাচন আসলে এমনই হওয়া উচিত, যাকে ঘিরে আপামর জনসাধারণ আনন্দে মেতে উঠবে, অপেক্ষার প্রহর গুনবে। ‘আমরা চাই, এখন যেমন প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, তেমনি নির্বাচনের পরও এভাবে জনগণের পাশে থাকবেন’ বলেন মনিরুল। মেয়র পদে প্রার্থী হয়েছেন ১৪ দল-সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির মনোনীত তালুকদার আবদুল খালেক, ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম মনোনীত ১৮-দলীয় জোট-সমর্থিত মো. মনিরুজ্জামান ও নাগরিক উন্নয়ন কমিটি মনোনীত জাতীয় পার্টি-সমর্থিত শফিকুল ইসলাম।