খুলনা নগরে পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে খুলনায় ওয়াসার যাত্রা শুরুর তিন বছর পরও নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা মিটছে না। গরমে নগরের মানুষ বর্তমানে পানির মারাত্মক কষ্টে দিন কাটাচ্ছে। উপরন্তু, ভূগর্ভস্থ পানি তোলার কয়েকটি পাম্প অকেজো হয়ে পড়ায় এবং পানি সরবরাহের লাইনগুলো দীর্ঘদিন ধরে মেরামত না করায় নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরের ৩১টি ওয়ার্ডে লোকসংখ্যা ১৫ লাখ। এখানে ওয়াসার প্রায় ১৫ হাজার গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকের মাধ্যমে সাড়ে পাঁচ লাখ লোক পানি পায়। নগরে প্রতিদিন ২৪ কোটি লিটার পানির চাহিদা আছে। ওয়াসা পাইপ লাইনে তিন কেটি ৫০ লাখ লিটার ও ১০ হাজার নলকূপের মাধ্যমে ছয় কোটি লিটার পানি সরবরাহ করছে। এর বাইরে অবৈধভাবে অনেকে বাড়িতে নলকূপ বসিয়ে পানি তুলছেন।স্থানীয় সূত্রগুলো বলছে, চলতি শুকনো মৌসুমে অনেক পুকুর, ডোবা ও খাল শুকিয়ে যাওয়ায় দৈনন্দিন ব্যবহারের পানির অভাব দেখা দিয়েছে। তা ছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক নলকূপে পানি উঠছে না। এই অবস্থায় কেডিএ এভিনিউ, শেখপাড়া, বসুপাড়া, পল্লীমঙ্গল, দেবেনবাবু সড়ক, শের-ই-বাংলা সড়ক, বানরগাতি, নবপল্লী, সবুজবাগ, শিববাড়ী মোড়, রূপসা, বয়রা ও খালিশপুর এলাকায় পানিসংকট প্রকট হয়ে উঠেছে।কেডিএ এভিনিউ এলাকার অমল সাহা বলেন, তাঁদের এলাকায় পানি সরবরাহের লাইনে দীর্ঘদিন ধরে পানি আসছে না। বানরগাতি এলাকার হাবিবুর রহমান বলেন, পানির সরবরাহ কম। আর যেটুকু পানি পাওয়া যায়, তা-ও লালচে ও ময়লাযুক্ত।খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের (৫) কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান বলেন, ‘বাস্তুহারা মেইন রোডে ওয়াসার সরবরাহ পাইপে পানি নেই। এলাকার নষ্ট নলকূপগুলোর জন্য যন্ত্রাংশ চেয়েও পাচ্ছি না।’খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান বলেন, খুলনায় পানির সংকট চরমে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ওয়াসাকে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। তা না হলে খুলনায় পরিবেশ বিপর্যয় দেখ দেবে।খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এস এম জগলুল হায়দার বলেন, ‘সাড়ে ১৫ হাজার গ্রাহকের চাহিদা দিনে ২৪ কোটি লিটার। সরবরাহ হচ্ছে সাড়ে নয় কোটি লিটার। একাধিক নলকূপ ও পানির পাম্প বন্ধ, সরবরাহ পাইপেও মরিচা ধরেছে, একমাত্র ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্ল্যান্টটি অকেজো। তবে আমরা সংকট নিরসনে সম্প্রতি কাজ শুরু করেছি।’খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ বলেন, ‘দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে উঠতে আমারা সর্বাত্মক চেষ্টা করছি। মোল্লারহাটের মধুমতী নদী থেকে পানি তুলে শোধন করা ও ৫১ কিলোমিটার নতুন পাইপ লাইন করার জন্য জাপান সরকারের সঙ্গে এক হাজার ৩০০ কোটি টাকার চুক্তি সই হয়েছে। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গেও ৫০০ কোটি টাকার চুক্তি হচ্ছে। ওই সব প্রকল্পগুলো দুই থেকে পাঁচ বছরের মধ্যে বাস্তবায়িত হলে খুলনায় পানির সমস্যা থাকবে না। এ ছাড়া বর্তমান পরিস্থিতির উন্নয়নে সাময়িক কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে।’