খুলনা নগরে বর্ষায় জলাবদ্ধতার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বর্ষা মৌসুমে খুলনা মহানগরে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। নগরের পানি সরে যাওয়ার পথগুলোতে (আউটলেট) নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি, ময়লা জমে নালাগুলোর তলদেশ উঁচু হওয়া এবং এগুলোর মুখ ছোট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশিত হচ্ছে না।খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পরিচ্ছন্নতা বিভাগ সূত্রে জানা গেছে, নগরের বিভিন্ন সড়কের দুই পাশের নালাগুলোতে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এবং ফুটপাথগুলো হকাররা দখল করে রাখছে। এ কারণে নিয়মিত নালাগুলো পরিষ্কার করা যাচ্ছে না। এতে এসব নালা দিয়ে বৃষ্টির পানি সরছে না। কেসিসি সূত্রে আরও জানা গেছে, আগে নগরের ভেতর ও পাশ দিয়ে বয়ে যাওয়া খালগুলো দিয়ে বৃষ্টির পানি সরে যেত। এখন ইজারার নামে এসব খালে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে এবং খালের ওপর অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছে। এ কারণে নগরের বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির পানি এসব খাল দিয়ে নিষ্কাশন করা যাচ্ছে না। এতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে। খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধগুলো অপসারণ করতে না পারলে বর্ষা মৌসুমে কমপক্ষে নগরের অর্ধশত স্থানে জলাবদ্ধতা দেখা দেবে। নগরের বাসিন্দারা জানায়, একটু ভারী বৃষ্টি হলেই নগরের বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। স্থানগুলো হচ্ছে বেনী বাবু, স্যার ইকবাল, রেলওয়ে হাসপাতাল, মিস্ত্রিপাড়া, রূপসা স্ট্রান্ড, আহসান আহম্মেদ, বাবুখান, টুটপাড়া সেন্ট্রাল ও শিপইয়ার্ড রোড, নতুন বাজার, টুটপাড়া জোড়াকল বাজার, রয়েলের মোড়, ডাকবাংলো মোড়, কেডিএ এভিনিউ, খালিশপুর লাল হাসপাতাল মোড়, কবীর বটতলা, দেয়ানা প্রধান সড়ক, মহেশ্বরপাশা বণিক পাড়া, তেলিগাতী প্রধান সড়ক, বাদামতলা, সিমেট্রি রোডের এপিসি স্কুলের সামনের অংশ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মীরেরডাঙ্গা প্রধান সড়ক ও বাদামতলা কেবল শিল্প এলাকার একাংশ। খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান বলেন, খুলনা নগরের মানুষের জন্য জলাবদ্ধতা একটি বড় সমস্যা। নগরের পানি সরে যাওয়ার পথগুলো অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এ কারণে পানি নামতে না পেরে নগরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে না পারলে আসন্ন বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হবে।নগরে জলাবদ্ধতার কথা স্বীকার করে কেসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা এস কে এম তাসাদুজ্জামান বলেন, কেসিসি সাধ্যমতো নগরের নালা ও কালভার্টগুলো পরিষ্কার করছে। কিন্তু নগরের পানি সরে যাওয়ার পথগুলো সরু ও দখল হয়ে যাওয়ায় পানি ঠিকমতো সরতে পারছে না। ইতিমধ্যে নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য প্রতিটি ওয়ার্ডের খালে জমে থাকা আবর্জনা উত্তোলনের কাজ চলছে। এ কাজে কেসিসির নিজস্ব শ্রমিক ছাড়াও ১৫০ জন শ্রমিক নিয়োজিত আছেন। মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে যা যা করার দরকার আমি তা করব। পানি নিষ্কাশনে নগরীর ভিতরে ৩১টি এবং নগরীর বাইরে ১৬টি খাল চিহ্নিত করা হয়েছে এবং এসব খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মেয়র আরও বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদীসহ নগরের ভেতর ও বাইরের খাল খনন, পুনঃখনন ও নালাগুলো সংস্কারের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত সংস্কারকাজ চলবে।