খুলনা নগরে যত্রতত্র ইজিবাইক পার্কিং, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজিবাইক চলাচলে যথাযথ তদারকির অভাব ও যত্রতত্র পার্কিংয়ের কারণে খুলনা নগরের সড়কগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। এ ছাড়া অদক্ষ চালকের কারণে এসব যান প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে।ইজিবাইকচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর আগে নগরে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল শুরু হয়। অল্প ভাড়া ও নগরের ভেতরে চলাচলের উপযোগী হওয়ায় দ্রুত নগরবাসীর কাছে এই যান জনপ্রিয় হয়ে ওঠে। ২০০৯ সালে একাধিক প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে এর আমদানি শুরু করে। দিনে দিনে রিকশা ভাড়া বাড়ায় নগরবাসীর যাতায়াতের প্রধান ভরসা হয়ে ওঠে ইজিবাইক।সূত্র আরও জানায়, ছাত্র, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষ ইজিবাইক কিনে বা ভাড়া নিয়ে চালাচ্ছে। এদের শতকরা ৯০ জনের গাড়ি চালানোর ন্যূনতম ধারণা নেই। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজটের।বিআরটিএর সহকারী পরিচালক শেখ সেলিম বক্স বলেন, ‘খুলনা নগরে ইজিবাইক চলাচলে বিআরটিএ কোনো অনুমতি দেয়নি। চালকদের কোনো লাইসেন্সও (চলাচলের অনুমতি) দেয়নি।’ তিনি আরও বলেন, ‘ইজিবাইক পরীক্ষার জন্য বুয়েটে পাঠানো হয়েছিল। সেখানে পরীক্ষা করে দেখা গেছে এর সঠিক ওজন নেই, এটির নষ্ট ব্যাটারি ফেলার পর্যাপ্ত জায়গা নেই, নষ্ট ব্যাটারির সালফারের কারণে পরিবেশ নষ্ট হয়।’পরিবেশ অধিদপ্তর খুলনার উপপরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, ‘বাতাসে সালফারের পরিমাণ বেড়ে গেলে ক্যানসারসহ নানা জটিল রোগের সৃষ্টি হয়। অ্যাসিড মাটি ও পানির ভীষণ ক্ষতি করে।’খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা গেছে, নগরে এখন ইজিবাইকের সংখ্যা প্রায় ছয় হাজার। এর মধ্যে অনুমোদিত প্রায় দুই হাজার।সরেজমিনে নগরের ময়লাপোতা মোড়, ডাকবাংলোর মোড়, পিকচার প্যালেস মোড়, শিববাড়ির মোড়, রূপসা ট্রাফিক স্ট্যান্ড মোড়, পিটিআই মোড়ে দেখা গেছে, ইজিবাইকগুলো সড়কের মধ্যে ও মোড়ের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। এ কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। রাতে ৮০ ভাগ ইজিবাইকে হেডলাইট জ্বলে না।ইজিবাইকচালক মতিয়ার হোসেন বলেন, ‘আমি কয় দিন আগে ভ্যান চালাতাম, এখন বাইক চালাচ্ছি। আমার কোনো লাইন্সেস নাই।’কেএমপি খুলনার পুলিশ পরিদর্শক (যানবাহন) আবদুল হালিম বলেন, ‘একেকটি ইজিবাইকের যাত্রী নেওয়ার কথা দুই-তিনজন অথচ নিচ্ছে ছয়জন। একটু ধাক্কা লাগলেই ইজিবাইক উল্টে যায়। ইজিবাইকের ব্যাটারি চার্জে অনেক বিদ্যুৎ ব্যয় হয়। এসব বিবেচনা করে আমরা ইজিবাইক চলাচলের অনুমতি দিইনি।’ তিনি জানান, ‘প্রতিদিন ইজিবাইক পাঁচ-সাতটি দুর্ঘটনা ঘটাচ্ছে। সিটি করপোরেশন হঠাৎ করে এটি চলাচলের অনুমতি দেওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। এদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া দুষ্কর হয়ে পড়েছে।’খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমরা দুই হাজার ইজিবাইক চলাচলের অনুমতি দিয়েছি। এর বাইরে কোনো ইজিবাইক চলতে পারবে না। ইজিবাইক চলাচল দ্রুত বন্ধ করা হবে।’