খুলনা নগরে যত্রতত্র বর্জ্য হুমকিতে জনস্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে যত্রতত্র বর্জ্য পড়ে থাকায় পরিবেশ দূষিত হচ্ছে। এসব বর্জ্য থেকে জীবাণুু ছড়িয়ে পড়ছে নগরে। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, নগরের খালিশপুর, নতুনবাজার, জেলা স্কুলের সামনে, কদমতলা, পিটিআই মোড়, নিরালাবাজার ও খুলনা সিটি ইমেজিং সেন্টারের পাশে অধিকাংশ ডাস্টবিনগুলো ভাঙাচোরা। এ কারণে ডাস্টবিনের পাশে ও রাস্তার যেখানে-সেখানে বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকে, আর এসব থেকে দুর্গন্ধ ছড়ায়।পিটিআই মোড়ে পথচারী কাজল ইসলাম বলেন, পৃথিবীর অধিকাংশ দেশেই দিনের বেলা বর্জ্য অপসারণ করা হয় না, কিন্তু বাংলাদেশে এটা দেখা যায়।নিরালাবাজার এলাকায় পথচারী কামাল হোসেন বলেন, এভাবে রাস্তার পাশে পড়ে থাকা বর্জ্য থেকে নানা রকম রোগজীবাণু ছড়ায়। চলাচলে সমস্যা হয়। এ ছাড়া বর্জ্য ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে। কিন্তু দেখার যেন কেউ নেই।জেলা স্কুল এলাকায় পথচারী বাবুল মোল্লা বলেন, ‘মাঝেমধ্যে এ রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দিই। বর্জ্যের গন্ধে এখানকার বাতাস ভারী হয়ে ওঠে। একটা স্কুলের পাশে কী অবস্থা!’খুলনা সিটি করপোরেশনের কনজারভেন্সি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘এলাকাবাসী যথাসময়ে বর্জ্য না ফেলায় এ সমস্যা হচ্ছে। আমাদের লোকেরা সকাল আটটার মধ্যে বর্জ্য নিয়ে ডাস্টবিনে ফেলে। তারপর কেউ বর্জ্য ফেললে তা রয়ে যায়। সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত প্রাথমিক পয়েন্ট থেকে বর্জ্য নিয়ে সেকেন্ডারি পয়েন্টে (ডাস্টবিন) ফেলা হয়। বেলা দুইটার দিকে সেকেন্ডারি পয়েন্ট থেকে বর্জ্য ট্রাকে করে নিয়ে ফেলার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়। এ জন্য দিনের বেলায় ডাস্টবিনে বর্জ্য দেখা যায়। তবে আমরা এ অবস্থা থেকে দ্রুত উত্তরণের চেষ্টা করছি।’বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনার সভাপতি ফিরোজ আহমেদ বলেন, যত্রতত্র বর্জ্য ও আবর্জনা পরিবেশ দূষণ করছে। এ কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।