খুলনা নগরের একমাত্র পশুর হাট বসছে আজ
খুলনা নগরের একমাত্র কোরবানির পশুর হাট জোড়াগেট পশুর হাট আজ শনিবার বিকেলে উদ্বোধন করা হবে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ব্যবস্থাপনায় এই হাট বসবে। এটি খুলনা বিভাগের সবচেয়ে বড় কোরবানির হাট।
কেসিসি কর্মকর্তারা বলেন, সুষ্ঠুভাবে হাট পরিচালনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। হাটে নিরাপদে পশু কেনাবেচা নিশ্চিত করতে জোড়াগেটের চারপাশ ঘিরে তৈরি করা হচ্ছে নিরাপত্তা বলয়। হাটের মাঝখানে তৈরি করা হচ্ছে পর্যবেক্ষণ টাওয়ার।
এই পশুর হাট থেকে বিগত বছরগুলোতে কোটি টাকা রাজস্ব এলেও হাটের ব্যবস্থাপনা নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা যায় প্রতিবছর। তাঁদের প্রধান অভিযোগ, বৃষ্টি হলে হাটের বিতিকিচ্ছি অবস্থা হয়। এবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে হাটের অবস্থা এবারও বাজে হওয়ার আশঙ্কা করছেন অনেকে।
নগরের তেলিগাতি এলাকার খলিলুর রহমান বলেন, প্রতিবছরই সেখান থেকে কেনেন। কিন্তু বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে। কাদা-পানিতে একাকার হয়ে যায় হাট। তবে এবার বৃষ্টির পানি ও দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কেসিসির বাজার সুপার গাজী সালাউদ্দিন আহমেদ জানান, হাট চলাকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলা করতে নানা কার্যক্রম শেষের পথে। হাসিল ঘরের ভেতর দিয়ে ছোট পাকা সড়ক, ছাগলের হাটে স্থায়ীভাবে পাকা হাসিল ঘর করা হচ্ছে। পশুর হাটে আসা ক্রেতারা বর্ষায় যাতে নিরাপদে দাঁড়াতে পারেন, সে জন্য হাসিল ঘরের পেছনে স্থায়ী শামিয়ানা দেওয়া হচ্ছে।