খুলনা নগরের ফুটপাত দিয়ে হাঁটা যায় না
‘ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ নেই, এগুলো এখন হকার আর ব্যবসায়ীদের দখলে। রাস্তায় নেমে রিকশা-ভ্যান আর গাড়ির গুঁতো খেয়েই আমাদের চলতে হয়। এ ব্যাপারে সিটি করপোরেশন ও পুলিশের কোনো মাথাব্যথা নেই।’ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন খুলনা নগরের বড় বাজারে কেনাকাটা করতে আসা চাকরিজীবী হুমায়ুন কবীর। তাঁর মতো আরও অনেক পথচারী ফুটপাত দিয়ে চলতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।খুলনা সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, খুলনা মহানগরে পাকা সড়ক আছে ৩০০ কিলোমিটার। এর মধ্যে সড়কের দুই পাশে ফুটপাত ২০০ কিলোমিটার, বাকি ১০০ কিলোমিটার সড়কে কোনো ফুটপাত নেই। যেসব সড়কে ফুটপাত আছে, তা দখলদারদের হাতে চলে গেছে।সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে শিববাড়ী মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক, রূপসা ফেরিঘাট মোড় থেকে রয়েল মোড় হয়ে ডাকবাংলা মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার, শিশু হাসপাতাল রোড, পিকচার প্যালেস মোড়, ক্লে রোড, মহারাজ চত্বর রোড, স্টেশন রোড, কদমতলা রোডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে চার-পাঁচ ফুট চওড়া ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলের সুযোগ কম। পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা মোড়, কালীবাড়ী এলাকার স্যার ইকবাল রোড ও ক্লে রোডের দুই পাশের ফুটপাত সম্পূর্ণ হকারদের দখলে। নগরের বড়বাজার এলাকার কালীবাড়ী রোডের দুই পাশের ফুটপাতসহ সড়কেও রাখা হয়েছে ব্যবসায়ীদের মালামাল। স্টেশন রোড ট্রাকে ঠাসা থাকে। বসানো হয়েছে, চা ও পান-বিড়ির দোকান।মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, ফুটপাত অবৈধ দখলদারদের কবলে চলে যাওয়ায় পথচারীদের সড়ক দিয়ে চলতে হয়। মাঝেমধ্যে উচ্ছেদও করা হয়। কিন্তু পরক্ষণেই তারা ফুটপাত দখল করে।সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ফুটপাত দখলকারী ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের নেতা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।