খুলনা নগরের বর্জ্য রাতে সরানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের বর্জ্য অপসারণ করা হয় দিনে। জনদুর্ভোগ দূর করতে ঢাকা ও রাজশাহী নগরের মতো খুলনায়ও রাতে বর্জ্য সরানো হবে। সাধারণ সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে এই কাজ শুরু হবে।
গতকাল মঙ্গলবার এক গণশুনানিতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস এ আশ্বাস দেন।
নগরের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ পরিবেশ আইবিদ সমিতির (বেলা) উদ্যোগে আয়োজিত ‘খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা: নাগরিক উদ্যোগ ও সঠিক ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক এই গণশুনানিতে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নানা প্রশ্নের উত্তর দেন ভারপ্রাপ্ত মেয়র। এক প্রশ্নের জবাবে নগরের নালাগুলো থেকে ময়লা তুলে রাস্তার পাশে রাখায় যে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, তা দূর করতে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
নগর উন্নয়ন কর্তৃপক্ষের অসহযোগিতার কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘আধুনিক পদ্ধতিতে ময়লা ফেলার জন্য সেকেন্ডারি ট্রান্সপোর্ট স্টেশন (এসটিএস) নির্মাণের জায়গা তারা আমাদের দিচ্ছে না।’
রাজবাঁধ এলাকার জনগণ অভিযোগ তোলেন, নগরের সব বর্জ্য রাজবাঁধ এলাকায় উন্মুক্ত পদ্ধতিতে ফেলা হয়। এতে দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের টেকা দায় হয়ে পড়েছে। অনেকে নানা সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। অবিলম্বে এ সমস্যার সমাধানের দাবি জানান তাঁরা।
অভিযোগের প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত মেয়র বলেন, খুলনা নগরকে পাঁচ গুণ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নগর বাড়লে রাজবাঁধ এলাকায় আর বর্জ্য ফেলা হবে না। এ জন্য ডুমুরিয়ার সলুয়ায় ও বটিয়াঘাটার মাথাভাঙা মৌজায় আধুনিক পদ্ধতিতে (স্যানিটারি ল্যান্ড ফিল্ড) ময়লা ফেলার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে।
মাথাভাঙা মৌজার বাসিন্দারা গণশুনানিতে তাঁদের ফসলি জমি অধিগ্রহণ না করে পাশের খাসজমিতে স্যানিটারি ল্যান্ড ফিল্ড তৈরির দাবি জানান। এ সময় তাঁরা বেলার সহযোগিতাও চান। এ প্রেক্ষাপটে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সিটি করপোরেশনকে বিষয়টি অবহিত করে সব পক্ষকে নিয়ে আলোচনার আহ্বান জানান।
গণশুনানির একপর্যায়ে কেসিসির বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান চিত্র পাওয়ার পয়েন্টে উপস্থাপন করা হয়। এ সময় বলা হয়, ১৫ লাখ মানুষের খুলনা নগরে প্রতিদিন ৪৫০ টন বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ২৭০-৩১৫ টন বর্জ্য সংগ্রহ করা সম্ভব হয়। ময়লা ফেলার জন্য নগরে ১ হাজার ২৪০টি প্রাথমিক ও ৬২টি দ্বিতীয় পর্যায়ের স্থান আছে।
খুলনার শিক্ষাবিদ আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে এই গণশুনানি হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক মোল্লা মো. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্যানেল মেয়র রুমা খাতুন, বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। এ ছাড়া গণশুনানিতে সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সংবাদপত্রের প্রতিনিধি, সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।