খুলনা নগরের সৌন্দর্য ব্যানার-ফেস্টুনের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যানার-ফেস্টুনে ঢেকে গেছে খুলনার শহীদ হাদিস পার্কের দক্ষিণ ফটক। একই অবস্থা ময়লাপোতা মোড়ে অবস্থিত ‘মৈত্রী’ ভাস্কর্যের। ব্যানার-ফেস্টুনের কারণে নগরের কোনো দর্শনীয় স্থান ও ভাস্কর্যেরই শ্রী নেই।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের সময় এসব ব্যানার-ফেস্টুন টাঙিয়েছিলেন মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দেড় মাসের বেশি সময় গেলেও সেগুলো অপসারণের খবর নেই। সড়কে সড়কে তোরণের অবস্থাও একই রকম, রয়েছে আগের মতোই। মহানগর আওয়ামী লীগ বিবৃতি দিলেও তা কানে তোলেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, শহীদ হাদিস পার্ক, ময়লাপোতা, রয়েল চত্বর, শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর সৌন্দর্য চাপা পড়ে গেছে ব্যানার, পোস্টার আর ফেস্টুনের অত্যাচারে। ছোট-বড় সড়কের দুই পাশ ও সড়ক বিভাজকও রেহাই পায়নি।
শহীদ হাদিস পার্কের দক্ষিণ ফটক এলাকায় ব্যানার, পোস্টার ও ফেস্টুনের ছড়াছড়ি। পাশের পুরোনো যশোর লোয়ার সড়কে ২০-২৫ গজ দূরত্বেই রয়েছে পাঁচটি তোরণ। পিকচার প্যালেস মোড় ও পাওয়ার হাউস মোড়ে রয়েছে আরও দুটি তোরণ। তোরণগুলো অনেক আগের। সেখানে আগে ছিল সম্মেলনের ব্যানার। সম্প্রতি তা সরিয়ে লাগানো হয়েছে বিজয় দিবসের ব্যানার।
ময়লাপোতা মোড়ে অবস্থিত স্টিলের তৈরি মৈত্রী ভাস্কর্যটি ফেস্টুনের দাপটে পুরোপুরি চাপা পড়েছে। এর ওপরের অংশেও লাগানো হয়েছে ফেস্টুন। শিববাড়ি মোড়ে অবস্থিত ‘অর্জন’ ভাস্কর্যটিকেও চারপাশ থেকে চেপে ধরেছে ফেস্টুন।
বেশির ভাগ ব্যানার-ফেস্টুনে মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিসিবির পরিচালক ও বঙ্গবন্ধুর ভাইয়ের ছেলে শেখ সোহেল ও শেখ হেলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদিসহ জ্যেষ্ঠ নেতাদের ছবি রয়েছে। তবে এগুলো টাঙানো হয়েছে যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নামে।
নগরজুড়ে সবচেয়ে বেশি ব্যানার, ফেস্টুন ও তোরণ রয়েছে সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলামের। তিনি বলেন, বিশেষ বিশেষ কারণে ব্যানার, ফেস্টুন, তোরণগুলো করা হয়েছে। সিটি করপোরেশন মনে করলে সেগুলো অপসারণ করতে পারে।
ব্যানার, ফেস্টুন, তোরণ অপসারণে সিটি করপোরেশনের কোনো গা নেই। তবে মহানগর আওয়ামী লীগের গত ২২ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে এসব অবৈধ ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়। বিবৃতিতে খুলনা-৩ আসনের সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সই রয়েছে।
বিবৃতিতে অনুমতি ছাড়া দলীয় নেতাদের ছবি ব্যবহার না করতেও বলা হয়। নির্দেশনা না মানলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে বিবৃতির প্রায় এক মাস গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ তাতে গরজ দেখাননি।
জানতে চাইলে, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নেতা-কর্মীদের নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি এসব ব্যানার-ফেস্টুন লাগিয়েছে। এতে নগরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সেগুলো অপসারণের নির্দেশ দিয়েছি। নিজেরাও কিছু অপসারণ করেছি। সিটি করপোরেশনকেও এসব অপসারণের অনুরোধ করা হয়েছে।’