নির্মাণত্রুটির কারণে খুলনা নগরের বিভিন্ন এলাকায় ১১টি বহুতল ভবন হেলে পড়েছে। এসব ভবনের অনেকগুলোতে ঝুঁকি নিয়ে মানুষ এখনো বসবাস করছে। নির্মাণত্রুটি, মাটির ভার বহনক্ষমতা পরীক্ষা না করে ও নীতিমালা বহির্ভূতভাবে ভবন নির্মাণ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে এগুলো হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত অপসারণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। কেডিএ সূত্রে জানা গেছে, বিধিবহির্ভূতভাবে নির্মিত ভবন চিহ্নিত করতে গত কয়েক মাস ধরে কেডিএ অভিযান পরিচালনা করেছে। অভিযানে নয়টি ভবন ‘হেলে পড়া’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে নগরের ডাকবাংলো মোড়ে অবস্থিত ১০ তলাবিশিষ্ট ন্যাশনাল ব্যাংক ভবন ও ময়লাপোতা মোড়ে ছয়তলা একটি ভবন ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। ভবনগুলো যেকোনো সময় ধসে দুর্ঘটনা ঘটতে পারে বলে কেডিএর প্রকৌশলীরা আশঙ্কা করছেন। কেডিএর নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, কেডিএ ইতিমধ্যে নগরে ১১টি ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। এসব ভবনের মালিক ও ভাড়াটিয়াদের ঝুঁকির কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মুজগুন্নি আবাসিক এলাকার ৪৫ নম্বর প্লটের চারতলা ভবনটি। ভবনটি দ্রুত ভেঙে ফেলা না হলে কেডিএর উদ্যোগে আগামী ২ মে সেটি ভেঙে ফেলার কাজ শুরু করা হবে। এ ছাড়া একই আবাসিক এলাকার ৫৯২ নম্বর প্লটের চারতলা ভবন, ৪৬৪ নম্বর প্লটের চারতলা ভবন, ৫৫৫ নম্বর প্লটের দোতলা ভবন, ১৫ নম্বর প্লটের পাঁচতলা ভবন হেলে পড়েছে। গত ৩ এপ্রিল এই এলাকার একটি ভবনের পঞ্চম তলার অংশ কেডিএ ভেঙে ফেলে। কিন্তু পুরো ভবনটি এখনো হেলে আছে। ওই এলাকার ৫২৩ নম্বর প্লটের চারতলা ভবন, নিরালা আবাসিক এলাকার ৩০৮ নম্বর প্লটের চারতলা ভবন, সোনাডাঙ্গা দ্বিতীয় আবাসিক এলাকার ২০৪ নম্বর প্লটের পাঁচতলা ভবন এবং শেরেবাংলা রোডের জোনায়েদ ম্যানশন নামের একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। কেডিএর প্রকৌশলীরা জানান, মুজগুন্নি ও নিরালা আবাসিক এলাকার মাটির ভারবহন ক্ষমতা কম। তা সত্ত্বেও দুর্বল ভিতের ওপর ভবন নির্মাণ এবং নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যাহারের কারণে ভবনগুলো হেলে পড়েছে। কেডিএর প্রধান প্রকৌশলী ওয়াহিদ আজহার বলেন, হেলে পড়া ভবনগুলোর মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে নিজ উদ্যোগে ভবন ঝুঁকিমুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। ভবনের মালিকেরা এ ব্যাপারে পদক্ষেপ না নিলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।