খুলনা নার্সিং কলেজ চালুতে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নার্সিং কলেজের ভবন নির্মাণের কাজ গত ছয় বছরেও শেষ হয়নি। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর চুক্তি বাতিল করেছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলার কারণে বাকি কাজ শেষ করতে পুনঃদরপত্র আহ্বান করা যাচ্ছে না। নির্মাণকাজ শেষ না হওয়ায় কলেজটি চালুর ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা নার্সিং কলেজের একটি তিনতলা হোস্টেল, পাঁচটি দোতলা আবাসিক ভবন ও একটি দোতলা একাডেমিক ভবন নির্মাণের কাজ পায় ‘মুন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজের জন্য মোট বরাদ্দ ছিল ১৬ কোটি ৫২ লাখ টাকা।২০০৬ সালের ২৬ জুন প্রতিষ্ঠানটি কার্যাদেশ পেয়ে ২০০৭ সালের জানুয়ারিতে কাজ শুরু করে। কাজ শুরুর পর থেকে ৩০ মাসের মধ্যে হোস্টেল ও আবাসিক ভবনগুলো এবং ১৮ মাসের মধ্যে একাডেমিক ভবন নির্মাণের কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদার হোস্টেল ও আবাসিক ভবনের কাজ ২০১০ সালের জানুয়ারিতে এবং একাডেমিক ভবনের কাজ ২০০৮ সালের জানুয়ারিতে বন্ধ করে দেন। ইতিমধ্যে অবকাঠামো নির্মাণের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। এইচইডি খুলনার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং কাজ বন্ধ রাখার অভিযোগে ২০১১ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় চুক্তি বাতিল করে। এরপর বিধি মোতাবেক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে গেলে প্রতিষ্ঠানটি আদালতে মামলা করে। আদালতের স্থিতাবস্থা থাকায় নতুন করে কাজ শুরু করা যাচ্ছে না। মুন কনস্ট্রাকশনের প্রকল্প প্রকৌশলী সেলিম মিয়া বলেন, ‘আমরা কার্যাদেশ পাওয়ার পরপরই প্রকল্পের কাজ শুরু করি। কিন্তু পরবর্তী সময়ে নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এরপর সিডর ও আইলার কারণে ভালো মানের নির্মাণসামগ্রী না পাওয়ায় আমাদের প্রায় এক বছর বসে থাকতে হয়েছে। এ জন্য কিছু ক্ষতিপূরণ এবং কাজের সময় ছয় মাস বাড়ানোর জন্য আবেদন করা হয়। এ ছাড়া আমাদের চলতি বিলের ৬৮ লাখ টাকা পাওয়ার জন্যও আবেদন জানানো হয়। কোনো আবেদনই মঞ্জুর না করে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের চুক্তি বাতিল করে দেয়। তাই দেড় বছর আগে আমরা জামানত ও চলতি বিল ৬৮ লাখ টাকার দাবিতে আদালতে মামলা করেছি।’ কলেজের অধ্যক্ষ সবিতা মুখার্জি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, আমরা কলেজের কার্যক্রম শুরু করতে পারিনি। একই সঙ্গে নির্মাণকাজ শুরু হওয়ার পর গত বছর থেকে চট্টগ্রাম ও বগুড়ায় ছাত্রী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। অথচ খুলনারটি চালু করার ব্যাপারে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে এ অঞ্চলের শিক্ষিত বেকার মেয়েরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এটা খুবই দুঃখজনক।’