খুলনা নিউজপ্রিন্ট মিল চালুর দাবিতে মানববন্ধন
খুলনা নিউজপ্রিন্ট মিল চালুর দাবিতে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।খুলনা নিউজপ্রিন্ট মিল রক্ষা কমিটির ডাকে এই মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা খুলনা নিউজপ্রিন্ট মিলটি প্রধানমন্ত্রী দ্রুত চালু করার ঘোষণা দিলেও আজও তা চালু হলো না। তাই আর প্রতিশ্রুতি নয়, অবিলম্বে নিউজপ্রিন্ট মিল চালু করতে হবে।বক্তারা আরও বলেন, খুলনা নিউজপ্রিন্ট মিল চালু করা এখন অতীতের চেয়ে সহজ। কারণ খুলনায় গ্যাসের লাইন আসার প্রক্রিয়া প্রায় শেষের পথে। নিউজপ্রিন্ট মিল রক্ষা কমিটির আহ্বায়ক আজাদুল হকের সভাপতিত্বে এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন, খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তফা কামাল, নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম, মাহমুদ হাসান, শেখ মোশাররফ হোসেন, আহমদ আলী খান, আবদুর রহিম বক্স ও নিজামউর রহমান।